 |
| ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: জাতীয় মূল্য সংযোজন কর (মূসক) দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। মঙ্গলবার সকালে এনবিআর ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন এনবিআরের সদস্য মো. এনায়েত হোসেন।
শোভাযাত্রাটি মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানর, ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রাপূর্ব বক্তৃতায় এনায়েত হোসেন বলেন, জাতীয় উন্নয়নে মুসকের প্রয়োজনীয়তা অনেক বেশি। সবাইকে জাতীয় স্বার্থে মুসক দেওয়ার আহবান জানাই। এতে পরনির্ভরশীলতা দূর হবে। সম্ভব হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া।
পরে তারা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দিকে রওয়ানা হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান ড, নাসির উদ্দিন আহমেদ।
সেখানে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী সেরা মূসক প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করবেন। সর্বোচ্চ মূসক পরিশোধের জন্য ১৩৪ জন ব্যবসায়ীকে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠান। অবশিষ্ট ১২৫ জন ব্যবসায়ী।
মূসক সম্পর্কে করদাতাদের সচেতন ও উদ্বুদ্ধ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছর থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য ‘ সবাই মিলেমুসক দিন, দেশ গড়ায় অংশ নিন’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
মঙ্গলবার মূসক দিবস
সম্মাননা দেওয়া হচ্ছে ১৩৪ ব্যবসায়ীকে
বাংলাদেশ সময়: ১০১০ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এটি/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর