ঢাকা:ধারাভাষ্যকার আব্দুল হামিদ আর নেই (ইন্নালিল্লাহে...রাজেউন)। শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে ক্রীড়াজগতে নেমে এসেছে শোকের ছায়া।
তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। গত সপ্তাহে তার মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে টিউমার অপসারণ করা হয়। এরপর ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সর্বশেষ গত শুক্রবার সংকটাপন্ন অবস্থায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
প্রায় সব ধরণের খেলা বিষয়ে তাঁর সবিশেষ জ্ঞান ছিল। হকি, ধনুর্বিদ্যা, কুস্তি, মুষ্ঠিযুদ্ধ থেকে তায়েকোন্দোর নিয়ম কানুন-ইতিহাস আর হালফিল খবর সবই ছিল তার নখদর্পণে।আগাগোড়া একজন অজাতশত্রু মানুষ ছিলেন তিনি।
আব্দুল হামিদ ছিলেন বাংলাদেশ বেতারের একজন জনপ্রিয় ধারাভাষ্যকার। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক আমাদের সময়ের স্পোর্টস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com