ঢাকা : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেছেন, ‘আগামী ১১ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য যে আল্টিমেটাম দেওয়া হয়েছে, তা না মানলে সেদিন হবে এই সরকারের শেষ দিন।’
সোমবার বিকেলে রাজধানীর লালবাগের দলীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের ঢাকা নগরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আমিনী সরকারের প্রতি এ হুশিয়ারি দেন।
আমিনী বলেন, ‘১১ জুনের মধ্যে যদি বর্তমান সরকার ক্ষমতা না ছাড়ে, তবে সারা দেশ থেকে সেদিনই সব ধরনের বাধা উপেক্ষা করে সরকারের পতন ঘটানো হবে।’
তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, `শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত প্রয়োজনে ঢাকাকে অবরোধ করে রাখতে হবে। সরকারের কাগুজে বাঘের হুমকি-ধমকিতে ভয় না পেয়ে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে সরকার নিজেই গদি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।’
মতবিনিময় সভায় দলটির নেতাকর্মীরাও সরকার পতনে আমিনীর ডাকে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময় : ১৮২৫ ঘন্টা, মে ২৮, ২০১২
এডিএ/সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর