 |
ঢাকা: সরকার পদ্মাসেতু নিয়ে জাতির মুখে কলঙ্ক লেপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ।
রাজধানীর গুলশানের ইমানুয়েল সেন্টারে মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সরকার পদ্মাসেতু নিয়ে জাতির মুখে কলঙ্ক লেপন করেছে। খাদ্যে ভেজালের কারণে মানুষ মারা যাচ্ছে, সরকারের সেদিকে নজর নেই। তাদের নজর শুধু পদ্মাসেতুর দিকে।”
তিনি চীনের উদাহরণ দিয়ে বলেন, “চীনের একটি দুধ কোম্পানির দুধে ফরমালিন পাওয়া যাওয়ায় কোম্পানির মালিককে গুলি করে মারা হয়েছে এবং কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সব খাদ্যে বিষ মেশানো হচ্ছে। বিষাক্ত লিচু খেয়ে ১৩টি মেয়ে মারা গেল। কিন্তু সরকার বিচলিত নয়।”
তিনি ভেজাল মিশ্রণকারীদের ফাঁসির জন্য প্রয়োজনীয় আইন করার দাবি জানিয়ে বলেন, “ধীরে ধীরে জাতি ধ্বংস হয়ে যাবে এটা আমরা হতে দিতে পারি না।”
তিনি বলেন, “চাল সাদা করার জন্য, মুড়ি সাদা করার জন্য ইউরিয়া মেশানো হচ্ছে। অথচ শুক্রবার মসজিদে জায়গা পাওয়া যায় না। তাহলে ধর্মীয় মূল্যবোধ কোথায়?”
কাপাসিয়ায় উপনির্বাচনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এ নির্বাচনে বিজয়ী হয়ে প্রমাণ করতে চাই, জনগণ জাতীয় পার্টিকে ভালোবাসে এবং তারা পরিবর্তন চায়।”
মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়ছল চিসতির সভাপতিত্বে আরও অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, কাজী জাফর আহমদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
এসআইএস/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর