চট্টগ্রাম: হাটহাজারীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির।
রোববার বিকেলে নগরীর চট্টেশ্বরী রোডের বাসভবন প্রাঙ্গনে হাটহাজারী উপজেলা যুবদল নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বই হাটহাজারী উপজেলাকে একটি উন্নয়নের মডেল হিসাবে দাঁড় করাতে পারে উল্লেখ তিনি বলেন, “হাটহাজারীর সার্বিক উন্নয়নে আগামীতে যোগ্য নেতৃত্ব বেছে নিতে হবে।”
চট্টগ্রাম শহরের সঙ্গে হাটহাজারীবাসীর যোগাযোগে চলমান দুর্ভোগ রমজানের আগে লাঘবের দাবি জানান তিনি।
আসন্ন রমজানে হাটহাজারীসহ চট্টগ্রামের গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেন।
হাটহাজারী থানা যুবদলের সভাপতি জাকের হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলাইমান মঞ্জু, উত্তরজেলা বিএনপির তথ্য ও প্রকাশনা সম্পাদক এমএ সবুর, উত্তর জেলা জাসাস সভাপতি হাসান মুকুল, সহ-সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এমইউ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর