ঢাবি: ঢাকা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিকস ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুসডা) দ্বিতীয় পুনর্মিলনী বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন (সাইন্স অ্যানেক্স) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ডুসডা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক কাজী সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক এস এন মিত্র, শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খালেদা বানু, ধন্যবাদ জ্ঞাপন করেন ডুসডা নির্বাহী পরিষদের সেক্রেটারি (গবেষণা ও প্রকাশনা) অধ্যাপক সৈয়দ শাহাদত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুসডার সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পরিসংখ্যানের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, “সাঠিক পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত উপস্থাপিত হলে অনেক সমস্যারই সমাধান সহজ হয়ে যায়। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সঠিক পরিসংখ্যান-তথ্য-উপাত্ত পরিবেশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য পরিসংখ্যানের ছাত্র-শিক্ষক তথা পরিসংখ্যানবিদদের প্রতি আহবান জানান।
দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল স্মৃতিচারণ, পুরুষ, নারী ও বাচ্চাদের খেলাধুলা, আবৃত্তি, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এমএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর