 |
| ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: ব্রান্ড নিউ ক্যাপিটাল মেশিনারি (এয়ার কম্প্রেসার) আমদানির ঘোষণা দিয়ে দিয়ে ৮ হাজার লিটার (সাড়ে ৮ হাজার বোতল) বিদেশি মদ (ভোদকা ও হুইসকি) এনেছে ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
এতে ২ কোটি ৮০ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে ওই প্রতিষ্ঠান। একটি ৪০ ফুট কন্টেইনারে করে ঢাকার উত্তরখান এলাকার সরকার বাড়ি রোডের ক্লাসিক স্টোন নামের আমদানিকারক প্রতিষ্ঠান মালয়েশিয়া থেকে এসব মদ নিয়ে আসে।
এ চালানটি খালাসের দায়িত্বে ছিল নগরীর আগ্রাবাদের ঝিনু এন্টার প্রাইজ প্রাইভেট লিমিটেড নামক একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান।
রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের এমপিবি টাওয়ারের বিপরিতে ওই কন্টেনারে আনা পণ্যের কায়িক পরীক্ষা শেষে এ বিষয়ে নিশ্চিত হয় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
আমদানিকারক এয়ার কম্প্রেসার আনার ঘোষণা দিলেও কন্টেইনার খুলে দেখা যায় সেখানে বিভিন্ন প্রকারের মদ (ভোদকা ও হুইস্কি) রয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে খালাস নেয়ার সময় আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। রোববার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে কন্টেইনারটি খোলা হয়।
উল্লেখ্য, ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রে ৩ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হয়। অন্যদিকে আমদানিকৃত মদের শুল্ক ৬০৭ শতাংশ।
মিথ্যা ঘোষণায় মদ আমদানি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ২ কোটি ৮০ লাখ টাকা শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশিনার মাহমুদুল হাসান।
তিনি জানান, ক্যাপিট্যাল মেশিনারি আমদানির ক্ষেত্রে শুল্ক মাত্র তিন শতাংশ। অন্যদিকে বিদেশি মদের শুল্ক ৬০৭ শতাংশ।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করায় সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ দেয়া হবে জানিয়ে মাহমুদুল হাসান বলেন,‘তাদের জবাবের প্রেক্ষিতে কাস্টমস আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার উত্তরখানের সরকার বাড়ি রোডের আমদানিকারক প্রতিষ্ঠান (বিন নম্বর-১৮০২১০৩৫৯৪৭) ‘ক্লাসিক স্টোন’ চায়না থেকে ১৫ হাজার ৫০০ কেজি ওজনের ব্র্যান্ড নিউ ক্যাপিটাল মেশিনারি(এয়ার কম্প্রেসার) আমদানির ঘোষণা দেয়। যার মূল্য দেখানো হয় ৫ হাজার ৫০০ ইউএস ডলার।
এজন্য আমদানিকারক প্রতিষ্ঠান ৩ শতাংশ হারে ১ লাখ ৫ হাজার ৫৮১ টাকা শুল্ক আদায় করে। কিন্তু ওই প্রতিষ্ঠান আমদানি করেছে উচ্চ শুল্কের বিদেশি মদ।
গত ১৪ জানুয়ারি চালানটি খালাস নেয়ার সময় কন্টেইনারটি স্ক্যান করা হয়। এসময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে কন্টেইনারটি আটক করে বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়।
বাংলাদেশ সময়:১৮২৮ঘণ্টা, জানুয়ারি ২৭ ২০১৩
এমইউ/টিসি