চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে ৫২ বছর বয়সী ওই মহিলার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার এসআই মেছবাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, “সোমবার সকালে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে বিকেল ৩টার দিকে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।”
তিনি বলেন, “জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তির ৬ নম্বর সমাজের পূর্বাংশে পাহাড়িকা ও আইস ফ্যাক্টরি পাহাড় দুটির মধ্যবর্তী স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।”
লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
এমইউ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর