ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্তির শর্ত পরিপালনে মঙ্গলবার ৭টি কোম্পানির বোর্ডসভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চার কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানা গেছে।
কোম্পানি ও ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার যে সকল কোম্পানির বোর্ডসভা অনুষ্ঠিত হয় সেগুলো হল- আনোয়ার গ্যালভানাইজিং, অলটেক্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, মেট্রো স্পিনার্স, ডেসকো, ফাইন ফুডস ও দেশ গার্মেন্টস লিমিটেড।
যে চার কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানা গেছে সেগুলো হল- প্রকৌশল খাতের আনোয়ার গ্যালভানাইজিং, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস এবং বস্ত্র খাতের দেশ গার্মেন্টস ও অলটেক্স।
তবে লভ্যাংশ সংক্রান্ত বোর্ডসভার সিদ্ধান্ত জানতে ডিএসই’র ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বর অনুসারে স্ট্যান্ডার্ড সিরামিকস, মেট্রো স্পিনার্স ও ডেসকোর কার্যালয়ে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।
এদিকে, মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুসারে আনোয়ার গ্যালভানাইজিং ৫ শতাংশ নগদ, ফাইন ফুডস ১০ শতাংশ স্টক এবং দেশ গার্মেন্ট ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলটেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ।
প্রাপ্ত তথ্যমতে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিসিআইসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৫১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ৮.০৮ টাকা।
ফাইন ফুডসের এজিএম আগামী ১১ ডিসেম্বর সকাল ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদির মানিকখালিতে অনুষ্ঠিত হবে। রেকড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ক্ষতির পরিমাণ ০.১২৫ টাকা এবং এনএভি ১১.৬৪ টাকা।
দেশ গার্মেন্টসের এজিএম আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
আর আর্থিক প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটির ইপিএস ৭.২ টাকা।
কোনো লভ্যাংশ ঘোষণা না করলেও অলটেক্সের এজিএম নারায়ণগঞ্জস্থ কারখানা প্রঙ্গণে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ৬ ডিসেম্বর।
এদিকে, ৩০ জুন অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে শেয়ারপ্রতি ক্ষতির পরিমাণ ১১ পয়সা, এনএভি ২৩.৮১ টাকা বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১২
এইচএমএম/একে