আগরতলা (ত্রিপুরা): ভোট এবং ভোটের ফল প্রকাশ না হলেও চরম হতাশা গ্রাস করেছে রাজ্যের কংগ্রেস কর্মীদের। এক কথায় বলা চলে শোকগ্রস্ত রাজ্যের কংগ্রেসিরা।
রোববার রাজ্যে ভোট প্রচারে আসার কথা ছিল সর্বভারতীয় নেত্রী কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধীর। তবে শনিবার রাতে হঠাৎ দিল্লি থেকে খবর পাঠানো হয় তিনি আসছেন না ত্রিপুরায়।
এদিকে সোনিয়া গান্ধীর সমাবেশের জন্য আগে থেকেই বিশালাকার মঞ্চ তৈরি করে রাখা হয়েছিল। রাজ্যের সর্বত্র প্রচার করা হয়েছিল। কিন্তু হঠাৎ সনিয়ার সফর বাতিল হওয়াতে চরম হতাশায় কংগ্রেস কর্মীরা।
এর আগে শনিবার প্রধান মন্ত্রীর সফরও হটাৎ বাতিল করা হয়।
কংগ্রেসের দুই প্রধান মহারথীর ভোট প্রচার বাতিলে কংগ্রেস কিছুটা পিছিয়ে পরেছে বলে মনে করছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর