 |
ঢাকা: বাংলাদেশের অবস্থার দ্রুত পরিবর্তন হবে বলে মনে করছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর ও ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
মঙ্গলবার বাদ যোহর ইসলামী ঐক্যজোটের লালবাগ কার্যালয়ে উলামা কমিটি বাংলাদেশের দায়িত্বশীলরা সাক্ষাত করতে এলে তিনি এ অভিমত প্রকাশ করেন।
আমিনী বলেন, “আমার বিশ্বাস বাংলাদেশের অবস্থার দ্রুত পরিবর্তন হবে। স্বৈরাচারী জালেমের পক্ষে মানুষ বেশি দিন থাকে না। সিরিয়াতেও দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা প্রেসিডেন্টের পক্ষ ত্যাগ করছেন। বাংলাদেশেও শেখ হাসিনার পক্ষ ত্যাগ করার মানসিকতা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। জনগণতো তাকে আগেই ত্যাগ করেছে। সরকারি বিভিন্ন মহলেও তাকে ত্যাগ করার মানসিকতা সৃষ্টি হয়ে আছে। যে কোন সময়ে সরকারি মহলে তাকে ত্যাগ করার হিড়িক পড়তে পারে। বাংলাদেশের বিগত ইতিহাসে তার নজির রয়েছে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুঝেন, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সঙ্গে সঙ্গে তাকে ছাড়ার হিড়িক শুরু হয়ে যাবে। এ জন্যই কোন অবস্থাতেই তিনি তত্ত্বাবধায়ক মানতে চাচ্ছেন না। তিনি এক তরফা নির্বাচন করে গৃহপালিত কিছু দল নিয়ে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। তার এ স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে র্দুবার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।”
উলামা কমিটি বাংলাদেশের চেয়ারম্যান মওলানা শামসুল আলমের নেতৃতে প্রতিনিধি দলে আরও ছিলেন- ভাইস চেয়ারম্যান মওলানা যুবায়ের আহমদ, মওলানা জসিম উদ্দিন, মওলানা আবু তাহের, মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যব প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২
এমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর