 |
ঢাকা: জিম্বাবুয়ে থেকে যে চোট পেয়েছিলেন তার পরিচর্যা করে মাঠে ফিরতে তামিম ইকবালের প্রায় দুই সপ্তাহ লেগে গেলো। সোমবার প্রথম ব্যাট হাতে মাঠে নামেন তামিম। তাও ইনডোরে বোলিং মেশিনে নেট সেশন করেছেন।
উরুর পেশির চোট মুক্ত হলেও প্র্যাকটিস ম্যাচ খেলার মতো ফিটনেস আসেনি তামিমের। মঙ্গলবার শেষদিন যে প্র্যাকটিস ম্যাচ হবে ‘এ’ দলের বিপক্ষে, তাতে তামিম হয়তো খেলবেন না। একেবারে আয়ারল্যান্ড গিয়ে প্র্যাকটিস ম্যাচ ধরবেন, ‘এখানে প্র্যাকটিস ম্যাচগুলো খেলা হচ্ছে না। ওখানে গিয়ে প্র্যাকটিস ম্যাচে খেলতে পারবো আশা করি।’
প্র্যাকটিস করতে না পারলেও খেলার জন্য মানসিক ভাবে তৈরি আছেন তামিম, ‘আসলে চোটের কারণে আমি প্র্যাকটিস করতে পারিনি। আমার মনে হয় ভালো প্র্যাকটিস হচ্ছে। আরেকদিন আছে তারপরে আয়ারল্যান্ডে যে কাজের জন্য যাচ্ছি চেষ্টা করবো সবাই মিলে ভালো পারফর্ম করতে।’
জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান শেষ ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ। তার পর থেকে অনুশীলনের বাইরে। তারওপর অসুস্থ মাকে দেশে রেখে যাচ্ছেন। কিন্তু পেশাদারিত্বের কাছে ওসবে হয়তো আমল দিবেন না বাঁহাতি এই ব্যাটসম্যান, ‘আল্লাহর রহমতে আম্মু আগের চেয়ে ভালো আছে। তার বড় একটা অপারেশন হয়েছে। আশা করি খুবই তাড়াতাড়ি সেরে উঠবে।’
জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলার উদ্দেশ্য বেশি বেশি ম্যাচ খেলে জয়ের অভ্যাস গড়ে তোলা। তামিমও তাই বলছেন,‘আমাদের জন্য এই মুহূর্তে জয়ের অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি প্রচুর ম্যাচ জিততে পারি তাহলে আমাদের মধ্যে জেতার অভ্যাস তৈরি হবে। আর তা যদি আমরা বিশ্বকাপে নিয়ে যেতে পারি তাহলে ভালো হবে।’
টি-টোয়েন্টিতে এমনিতেই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তারওপর খেলা হবে তাদের মাঠে। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা কঠিন হয়ে যেতে পারে সফরকারী দলের জন্য। সফরে সফল হতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে বলে মনে করেন তামিম, ‘আমরা ম্যাচ খেলতে যাচ্ছি। যদিও কন্ডিশন একটা ফ্যাক্টর কোন সন্দেহ নেই। আয়ারল্যান্ড তাদের কন্ডিশনে অনেক ভালো দল। জিততে হলে আমাদেরকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
এসএ