 |
ঢাকা: সারা দিনের ভোট গণনা শেষে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিকভাবে কাউন্সিল ভবনে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী সাধারণ আসন ও গ্রুপ আসনের ১৪টি পদের মধ্যে এবার বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
আর বাকি ৫টিতে বিজয়ী হয়েছেন সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রতিনিধিরা।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ আসনের বিজয়ীরা হলেন-সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন (১২৪২৪ ভোট), সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী (১২২৫৩ ভোট), বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি (১২৫৩২ ভোট), ঢাকা বার সমিতির সাবেক সভাপতি মো. ছানাউল্লাহ মিয়া (১১৮০৭ ভোট)।
বাকি তিনটিতে বিজয়ী সরকার সমর্থকরা হলেন- সৈয়দ রেজাউর রহমান (১২২০০ ভোট), সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু ১৩১৮৫ ভোট) ও ব্যারিস্টার তানিয়া আমীর (১২১৭৫ভোট)।
আর গ্রুপ আসনের ৭টি পদের মধ্যে ৫ টিতে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল প্রতিনিধিরা।
এরা হলেন-অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান (৩৬৬৫ ভোট), অ্যাডভোকেট কবীর চৌধুরী (১২৩৩ ভোট), অ্যাডভোকেট কাইমুল হক (১৫৩৭ ভোট), মো: ইসহাক (১১৮৮ভোট) ও অ্যাডভোকেট হাফিজুর রহমান এমপি (১৩৪৭ ভোট)।
গ্রুপ আসনে বাকি দুই পদে সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- এইচ আর জাহিদ আনোয়ার (১২৯০ভোট) এবং এসএম মুজিবুর রহমান (১৪৭১ ভোট)।
এদিকে প্যানেল ভিত্তিক এ নির্বাচন করায় এ নির্বাচন কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন। বার কাউন্সিলের চেয়ারম্যানসহ ৩৯ জন বিবাদীকে ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনটি দায়ের করেছেন বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী ও সুপ্রিমকোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ।
রিটে বলা হয়েছে, বার কাউন্সিল আইনে প্যানেল ভিত্তিক নির্বাচনের কোন বিধান না থাকার পরও প্যানেল ভিত্তিক নির্বাচন করা হয়েছে।
১৮ জুলাই সারা দেশে ৭৭ টি কেন্দ্রে ১৫২টি বুথে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
প্রসঙ্গত, ৩১ মে বার কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা থাকলে আইনি জটিলতায় কয়েকবার পেছানোয় আপিল বিভাগ ১৮ জুলাই নির্বাচনের জন্য সময় নির্ধারণ করে দেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২
এমইএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর