ঢাকা: বসুন্ধরা আবাসিক এলাকাকেও একটি উপশহর হিসেবে গড়ে তোলা প্রয়োজন বলে মত দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবিব। তার মতে, এ কাজে সহায়তা করতে পারে সরকার।
তিনি বলেন, বেসরকারিভাবে বসুন্ধরা একটি উপশহর হিসেবে গড়ে ওঠার চেষ্টা করেছে। সরকারের উচিত ছিল তাদের উপশহর গড়ে তোলায় সহ-অংশীদার হওয়া। সরকার গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করে সহ-অংশীদার হতে পারত।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত গোলটেবিল বৈঠকে শনিবার তিনি একথা বলেন।
``সাহারা ইন্ডিয়া পরিবার`-কে এক লাখ একর জমি দেওয়া হবে ভারতের কাছে দেশ বিক্রি করা`` --এ মন্তব্য করে ইকবাল হাবিব বলেন, ``যারা এ দেশের মানুষের কথা ভাবেন না, মানুষের সঙ্গে জনসম্পৃক্ততা নেই, তারাই এ ধরনের বিদেশি বিনিয়োগে স্যাটেলাইট শহরের কথা ভাবেন।`` সাহারাকে মাফিয়া উল্লেখ করে তিনি বলেন, ``বাংলাদেশের আবাসন খাতে বিদেশি বিনিয়োগের দরকার নেই। তবে অবকাঠামো ও বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন আছে। রিহ্যাব নির্বাহী কমিটির সদস্য মে. জে. (অব.) মোহাম্মদ আবদুর রশিদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান, রিহ্যাব মেলা কমিটির চেয়ারম্যান রবিউল হক, বিডিডিএলের চেয়ারম্যান সৈয়দ নজরুল বিদ্যুৎ, দি রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম আনিসুজ্জামান ভূঁইয়া রানা ও আইডিএলসির উপমহাব্যবস্থাপক জাহিদ ইবনে হাই। রিহ্যাব আবাসন মেলা উপলক্ষে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার রোববার শেষ হচ্ছে। মেলায় আবাসন খাতের ১৫৪টি কোম্পানি অংশ নিয়েছে।
বাংলাদেশ সময় ১২০৩ ঘণ্টা, জুন ১৭, ২০১২
এমএমকে
সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com