চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালান।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক মেজর জিয়াউল আহসান সরওয়ার বাংলানিউজকে বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল উত্তর কাট্টলীর একটি বাসায় রহস্যজনকভাবে কিছু লোক সবসময় অবস্থান করেন। ওই বাসায় অস্ত্র, মাদক কিংবা ভিওআইপি ব্যবসা হতে পারে বলে আমরা সোর্সের কাছ থেকে তথ্য পেয়েছিলাম।’
র্যাব সূত্র জানায়, এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব সদস্যরা ওই বাসায় অভিযান চালাতে যান। এসময় তারা বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান।
র্যাব কর্মকর্তারা বাড়ির মালিককে ডেকে আনলে তিনি জানান, ওই বাসার ভাড়াটিয়া তার কাছে চাবি বুঝিয়ে দিয়ে সকালে বের হয়েছেন।
পরে বাড়ির মালিক ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে বাসার দরজা খুলে ফাঁকা কক্ষে চারটি ট্রলি ব্যাগ পান। ব্যাগগুলো খুলে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম পাওয়া গেছে।
তবে বাড়ির মালিক এবং ওই ভাড়াটিয়ার পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছেন র্যাব কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে র্যাবের এক কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেয়েছি অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি বাসায় তালা দিয়ে গ্রামের বাড়ি বাঁশখালীতে গেছেন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। এর আগে তথ্য জানালে তাকে গ্রেপ্তার করা সম্ভব না-ও হতে পারে।’
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জুন ২১, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর