 |
কলকাতা : চোরাচালানের অভিযোগে গত ২৮ আগস্ট কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হওয়া বাংলাদেশ বিমানের অপারেশন ম্যানেজার মুহম্মদ আরিফুর রহমানকে আরো ৪ দিন কলকাতা না ছাড়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার কলকাতা হাইকোর্টে চলা এ মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত এ নির্দেশ দিয়ে বলেছেন, ‘আদালতের নির্দেশে শুক্রবার পর্যন্ত কলকাতায় থাকতে হবে আরিফুরকে। শহর ছেড়ে তিনি অন্য কোথাও যেতে পারবেন না।’
উল্লেখ্য, এ দিনই আরিফুরের ভারতে থাকার মেয়াদ শেষ হয়ে যায়। তবে আদালতের নির্দেশে শুক্রবার পর্যন্ত তিনি কলকাতায় থাকতে পারবেন। ওই দিন ফের শুনানি হবে।
তার বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ২৮ আগস্ট রাতে কলকাতায় বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রীর একটি প্যাকেটসহ শুল্ক দফতরের হাতে ধরা পড়ে যান আরিফুর। বিমানবন্দরের যে-রাস্তা দিয়ে আন্তর্জাতিক উড়ানের যাত্রীরা বাইরে আসেন, সেই পথ ছেড়ে ওই যাত্রীর প্যাকেট নিয়ে অন্য দিক দিয়ে বেরুনোর চেষ্টা করছিলেন তিনি।
ওই প্যাকেটে প্রায় ৪০ লাখ রুপির মাইক্রো এসডি কার্ড ছিল। মোবাইল ফোনে এ কার্ড ভরে তথ্য মজুত করা যায়। সাধারণভাবে কোনও যাত্রী একসঙ্গে এতো কার্ড নিয়ে ভারতে আসতে পারেন না।
শুল্ক দফতরের সন্দেহ, আরিফুর ওই চোরাচালানের সঙ্গে যুক্ত। তাকে গ্রেফতার করা হয়। তার পরে তাকে চাকরি থেকে বহিষ্কার করে বাংলাদেশ বিমান। তিনি এখন জামিনে মুক্ত। গ্রেফতারের পরে শুল্ক দফতর আরিফুরের পাসপোর্ট বাজেয়াপ্ত করে।
পাসপোর্ট ফেরত চেয়ে সম্প্রতি হাইকোর্টে আবেদন জানান আরিফুর। হাইকোর্টে তিনি তার আবেদনে বলেন, ‘ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি আর ভারতে থাকতে পারেন না। অথচ পাসপোর্ট না-থাকায় তিনি বাংলাদেশেও যেতে পারছেন না।’
শুল্ক দফতরের তরফে আদালতে বলা হয়, ‘এ অবস্থায় আরিফুর যদি দেশ ছেড়ে যান, তা হলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।’
দু’পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে কলকাতা থাকার নির্দেশ দেয়।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ১২, ২০১২
আরডি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর