 |
| ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
সুপ্রিম কোর্ট থেকে: ‘হাইকোর্ট এলাকায় র্যাব-পুলিশের অবস্থানের কারণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা আদালতে আসতে পারছেন না’ বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
সোমবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
``তাহলে বিএনপি নেতারা কোথা থেকে আসবেন``--সাংবাদিকরা তাকে এ প্রশ্ন করেন। জবাবে মওদুদ বলেন, ``বিএনপি নেতারা বাইরে থেকে আদালতে আসবেন।``
কার্যত এ বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি নেতারা যে আইনজীবী সমিতি ভবনে আছেন সে সত্য কৌশলে এড়িয়ে যান মওদুদ।
মওদুদ বলেন, ``আদালতে এসে বিচার চাওয়া ও জামিনের আবেদন করার অধিকার সবার রয়েছে। আমরা এ বিষয়টি আদালতের নজরে নিয়ে এসেছি। আদালতের শুনানিতে অভিযুক্তদের আসা নিশ্চিত করার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন আদালত। আশা করি, সরকার আদালতের নির্দেশ মানবেন।``
তিনি বলেন, ``আনোয়ারুল হক চৌধুরী ও মজিবুর রহমান মিয়ার আদালতে জামিন আবেদনের জন্য যেতে চেয়েছিলাম। কিন্তু এ বেঞ্চের একজন বিচারক অসুস্থ থাকায় আমরা বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের শরণাপন্ন হয়েছি। এরই মধ্যে আমরা আবেদনের বিষয়বস্তু আদালতকে অবহিত করেছি।``
উল্লেখ্য, আদালতের এ বেঞ্চটিতে দুপুর ২টায় বিএনপি নেতাদের জামিন আবেদনের শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে সকাল ৯টায় জামিন শুনানির জন্য এ আদালতে আবেদন করেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বর্তমান সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মে ০৭, ২০১২
জেপি/এমইউএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর