 |
ঢাকা: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের মার্চপাস্টে ঢুকে পড়া ‘রহস্যময়’ তরুণীকে নিয়ে তোলপাড় চলছে। তরুণীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্ট অংশে ভারতের পতাকা হাতে দলকে নেতৃত্ব দেন রেসলার সুশীল কুমার। ঠিক তার পাশেই নীল রঙের জিন্স ও লাল টপ পরিহিত এক তরুণী দলের সঙ্গে হাঁটতে থাকেন। দলের হলুদ শাড়ী ও নীল ব্লেজার পরিহিত অন্য মেয়েদের মধ্যে তাকে খুবই বেমানান লাগছিল।
এ ঘটনায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা বলছে, ভারতীয় ঐতিহ্যের সঙ্গে বেমানান পোশাক পরিহিত ওই তরুণীর কারণে বিশ্বে দেশের সম্মান হানী হয়েছে।
ব্যাতিক্রমী পোশাক পরার কারণে ক্যামেরার ফোকাস পুরোটাই তিনি দখল করেছিলেন বলে মনে করছে তারা। এর জন্য লন্ডন অলিম্পিক আয়োজক কমিটিকে ক্ষমা চাওয়ারও দাবি উঠেছে।
এ ব্যাপারে ভারতের অলিম্পিক মিশনের প্রধান পিকেএম রাজা বলেছেন, “ এটা ছিল একেবারে উদ্ভট দৃশ্য। এর জন্য আমরা আয়োজক কমিটিকে ক্ষমা চাইতে বলবো।’
তিনি আরোও বলেন, “মাত্র ১০ সেকেন্ডের টিভি কাভারেজ পাওয়া ভারতীয় দলের পুরো ফোকাস কেড়ে নেয় ওই নারী।”
প্রসঙ্গত, লন্ডন অলিম্পিকে ভারতের মোট ৮১ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। বিশেষ করে আর্চারি, বক্সিং, ব্যাডমিন্টন, শ্যুটিং, টেনিস এবং রেসলিংয়ে পদক পাওয়ার আশা করছে ভারত।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
মামুন/ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর