 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
নেত্রকোনা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহাল ও যুদ্ধাপরাধীদের বিচারের নামে দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ছোটবাজার এলাকায় অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের সামনেই বিএনপি নেতারা বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার ও সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে দেশে নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগেও যে ঘাপটি মেরে যুদ্ধাপরাধী রয়েছে তাদের বিচারের উদ্যোগ নিলে এ নৈরাজ্য সৃষ্টি হতো না বলে জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com