ঢাকা: সাংগঠনিক গতিশীলতা বাড়াতে ছাত্রলীগের ঢাকা বিভাগের সকল জেলা, কলেজ, বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সভা পরিচালনা করেন।
সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, বদরুন্নেছা কলেজ, তিতুমীর কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা, জামালপুর, নরসিংদী, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, শেরপুর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক জেলার কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রথম দফায় ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটগুলোর নেতাদের নিয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলায় ছাত্রলীগের সদস্য সংগ্রহের লক্ষে সদস্য বই দেওয়া হয় এবং দ্রুততম সময়ের মধ্যে জেলার অর্ন্তভুক্ত থানা ও কলেজগুলোর কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল বিভাগের ছাত্রলীগ নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা ও আলোচনা সভা করা হবে।
সভায় এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন, এক মাসের মধ্যে বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সদস্য সংগ্রহ ফরমের মাধ্যমে প্রকৃত ছাত্রলীগের সদস্যদের দিয়ে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। মেয়াদ উত্তীর্ণ সকল কলেজ, থানা ও অন্যান্য ইউনিটের কমিটি গঠন করতে হবে।
সিদ্দিকী নাজমুল আলম বলেন, ঐতিহ্যবাহী ছাত্রলীগকে যারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে ভূলুণ্ঠিত করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ জিরো টলারেন্স দেখাবে এবং গঠনতন্ত্রের বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
এমইউএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com