 |
| ছবি: মোশাররফ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘‘বাংলাদেশের ধন-সম্পদ ও ঐশ্বর্য আর আমাদের থাকছে না। লর্ড ক্লাইভের মতো এখনো কেউ কেউ ধন সম্পদ লুট করছেন দেশের কিছু মানুষের যোগসাজশে। নদীগুলো হত্যা হয়ে গেছে। সেগুলো এখন মরুপথ। কিছু নদীতে পানি থাকলেও স্রোত নেই। খনিজ সম্পদ ও সমুদ্রও লুণ্ঠিত হতে চলছে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ঝুঁকির মুখে, সীমান্তগুলো উন্মুক্ত।’’
শনিবার বিকেলে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাসাস মহানগর দক্ষিণ আয়োজিত ‘পলাশীর ট্র্যাজেডি : আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘‘পলাশীর খলনায়কেরা এখনো আছেন। এ ট্র্যাজেডির সবচেয়ে বড় দিক হলো বিশ্বাসঘাতকতা ও স্বার্থপরতার আখ্যান। আমরা পলাশী যুদ্ধে যেমন মীর জাফর, রায় দুর্লভ, হোমচাঁদকে দেখেছি, তেমনি দেখেছি মোহন লালের মতো দেশপ্রেমিক যোদ্ধাকেও। এ ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বুদ্ধিমানরা ইতিহাস পড়ে ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন। কিন্তু বাংলায় এ ভুল বার বার হচ্ছে। পলাশীর নমুনা এখনো দেখা যাচ্ছে।’’
অর্থমন্ত্রীর সমালোচনা করে মাহবুবুর রহমান বলেন, তিনি বাজেট দিয়েছেন ঋণের বোঝা মাথায় নিয়ে। যেটা অনেকটা ‘ঋণ করে হলেও ঘি খাই’ অবস্থার মতো। এ বাজেট তাসের ঘরের মতো ভেঙে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
জাসাসের মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাসাসের উপদেষ্টা রেজাবুদ্দৌলা, সহ-সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ২৩, ২০১২
এআই/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর