বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালককে মারপিট করায় মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
তবে পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সোমবার বাংলাদেশ থেকে (ঢাকা মেট্রো ট- ১৪-৪১৬৫) ট্রাকে রপ্তানি পণ্য নিয়ে চালক আব্দুস সামাদ পেট্রাপোল বন্দরে গেলে সেখানে পণ্য খালাসের সময় এক বস্তা মাল কম হয়।
এতে রপ্তানিকারক প্রতিষ্ঠান ভাড়ার টাকা থেকে ৮ হাজার ঢাকা কেটে নেয়।
পরের দিন ট্রাকচালক এই রপ্তানিকারকের মালামাল নিয়ে আবার পেট্রাপোল বন্দরে আসেন। এ সময় ২ বস্তা মাল বেশি হলে ওই ট্রাক চালক ১ বস্তা পণ্য আমদানিকারককে ফেরত দিয়ে বাকি ১ বস্তা গাড়িতে রেখে দেন।
এতে রপ্তানিকারক প্রতিষ্ঠান আর.কে. এন্টারপ্রাইজের কর্মচারী সমীর ট্রাক চালককে মারপিট করেন।
এ ঘটনায় বিচারের দাবিতে সমস্ত ট্রাকচালকরা মঙ্গলবার সকাল থেকে পণ্য রপ্তানি বন্ধ রেখেছেন।
এবিষয়ে বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন আহম্মেদ বাংলানিউজকে জানান, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ কর্মচারী এজেন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাংলানিউজকে বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আমরা আলোচনায় বসবো। আশা করছি, শিগগিরই একটা সমাধান হবে।‘
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৯ মে, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর/ আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর