বর্ডার থেকে বেডরুম
যখন বর্ডারের কাঁটায় কাঁটায়
বিঁধে আছে অসংখ্য প্রজাপতি
অথবা ফুল কুড়ানি মেয়ের দল।
যখন বেডরুমে শ্বেতশুভ্র ফুল¬
বিষে আর্তনাদে টকটকে লাল।
অথবা মেঘের কোলে ফুঁসে ওঠে
ঘনীভূত চোখের জল।
যখন শিশুর হাতের ঠোঙাতেও
ভয়ে শিউরে ওঠো
চানাচুর প্যাকেট খোলনা সশব্দে;
আর তোমাদের ভীত মুখে মুখে
আরব্য রজনীর অন্ধকার নামে
দিনের আলোতে।
প্রজাপতির ফ্যাকাশে ডানা—
যখন ফড়িঙের লেজ কাটা;
মাছের ডুবসাঁতারের পথ রুদ্ধ।
এনামেল বাটি হাতে শিশুটি;
অ-পাপবিদ্ধ।
কাগজ কুড়নো টোকাই
উৎসর্গ: অধ্যাপক আনু মুহাম্মদ
সিকি আধুলি খুচরো
মেলে নাই কিছুই
মিলবে না সদাই!
খালি খালি হাতে
হাত-হদাই।
কাগজের মুখ নিয়ে
ফিরবো না আর
কাগজ কুড়নো
পুরনো টোকাই।
নুনের পানিতে নুনের মহাজন
করিয়াছে তার সীমানা পত্তন।
জুটে নাহি নুন, যারা আমার মতন!
যদি হাতে হাতে হাত;
করো হে আলিঙ্গন
জুটিবে তায় রিযিক লবণ।
বাংলাদেশ সময় ১৪০৫, জুন ২৭, ২০১২