 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক কর্মীদের মারধরের ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা এই কর্মসূটি শুরু করে।
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন নিউএইজ সম্পাদক নুরুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক ও কলামিস্ট রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক গীতি আরা নাসরিন, কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলাম, অভিনেত্রী বন্যা মির্জা, সকালের খবরের সিনিয়র রির্পোটার উদিসা ইসলাম, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, চলচ্চিত্র নির্মাতা মোল্লা সাগর, গবেষক সায়দিয়া গুলরুখ প্রমুখ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ ও সহসভাপতি মঈন মুনতাসিরসহ ৭ সাংস্কৃতিক কর্মী আহত হন।
এই ঘটনায় গত রোববার দুপুরে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এরপর সংবাদ সম্মেলন করে তারা উপাচার্য পদত্যাগের দাবি করে এবং হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আজীবন বহিষ্কার দাবি করে।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতা কর্মীদের দাবিগুলো হলো, বিশ্বাবদ্যালয়ের বর্তমান অচলাবস্থা নিরসন করে নিয়মিত ক্লাস পরীক্ষার ব্যবস্থা করা এবং এর জন্য উপাচার্য হিসাবে সব ব্যবস্থা গ্রহণ, সব আবাসিক হলের সিট বরাদ্দ প্রশাসনিকভাবে করা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও অছাত্রদের হল থেকে বের করে দেওয়া, ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা ও বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিল, পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের কোনো লেক ও জমি ইজারা না দেওয়া এবং ইজারাকৃত লেক ও জমির ইজারা বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের যেকোনো গুরুত্বপূর্ণ ও শিক্ষার্থী সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের মতামত নেওয়া, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ক্লাসে উপস্থিতির নম্বর বাতিল ও পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য দ্বিতীয় পরীক্ষক অন্য বিশ্ববিদ্যালয়ের হতে হবে এবং বিভাগ উন্নয়ন ফি বাতিল ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা, ক্যাম্পাসের অবস্থিত স্ খাবার দোকানের খাবারের মূল্য কমিয়ে সমমূল্য ধার্য করা, টিএসসিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতি জোটের স্থায়ী রুম বরাদ্দ দেওয়া, মুক্তমঞ্চ অবিলম্বে সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিত করা, গাড়ি, মাইক ও মঞ্চ বুকিং-এর জন্য যাবতীয় প্রশাসনিক জটিলতা দূর করা ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত প্রত্যেক সংগঠনের বার্ষিক অনুদান সর্বনিম্ন ৩০,০০০ টাকা করে দেওয়া।
বাংলাদেশ সময়: ১২২১ ঘন্টা, মে ০১, ২০১২
ওইউ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর