নারায়ণগঞ্জ: ঈদের আগে সব পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে মালিকদের বাড়ি ঘেরাওয়ের হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে শহরের চাষাড়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তারা এ ঘোষণা দেন।
সমাবেশে বক্তারা বলেন, যদি ঈদের আগে বকেয়া বেতন, চলতি মাসের বেতন এবং বেতনের সমপরিমাণ বোনাস পরিশোধ না করা হয়, তাহলে ওই সব শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের বাড়ি ঘেরাও করা হবে।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের জেলা কমিটির সমন্বয়কারী মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির নেতা হিমাংশু সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: ইয়াসিফ আকবর/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর