 |
চট্টগ্রাম: ২০০৪ সালে অস্ত্র আটকের ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটি সেনাবাহিনীর তৎকালীন চট্টগ্রামের জিওসি (পরে সেনাপ্রধান) মইন উ আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তদন্ত কমিটির প্রধান ও তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর লিখিতভাবে লিপিবদ্ধ করেছিলেন।
চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির অন্যতম সচিব ও সিআইডি’র তৎকালীন ডিআইজি ফররুখ আহমদ আসামিপক্ষের আইনজীবীর জেরার জবাবে এসব কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনালের-১ বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে ফররুখ আহমদকে জেরা শুরু করেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবীরা।
জেরা অসমাপ্ত অবস্থায় আগামী ১০ জুলাই পর্যন্ত মামলার কার্যক্রম মূলতবি করেন আদালত। ওইদিন ফররুখ আহমদকে ফের জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
বৃহস্পতিবার বাবরের দুই আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আহমেদ এবং অ্যাডভোকেট আব্দুস সোবহান তরফদারের জেরার জবাবে ফররুখ আহমদ জানান, তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র এএসপি কবির উদ্দিন এবং তদারক কর্মকর্তা সিআইডি’র এসএসপি ড. আব্দুর রহিম অভিযোগপত্র দাখিলের আগে সাক্ষ্যস্মারকে মতামত নেওয়ার জন্য গিয়েছিলেন। সাক্ষ্যস্মারকে তদারক কর্মকর্তার মতামত পড়ে তিনি সেটি অনুসন্ধান কমিটির প্রধান ও তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের কাছে পাঠিয়ে দেন।
জেরায় তিনি আরো বলেন, তৎকালীন জিওসি মইন উ আহমেদকে জিজ্ঞাসাবাদ করে যা পাওয়া গিয়েছিল, তা লিপিবদ্ধ করেছিলেন তদন্ত কমিটির প্রধান।
এ সময় ফররুখ আহমেদ জানান, যে দু’টি ট্রলার আটক করা হয়েছিল, সেগুলো ছাড়া অন্য কোনো জাহাজে অস্ত্র আসার তথ্য তারা পাননি। ট্রলারগুলো কোথা থেকে এসেছিল সে তথ্যও তারা জানতে পারেননি।
আইনজীবীদের জেরার জবাবে সরকারের মাধ্যমে প্রভাবিত হয়ে নিজে লাভবান হবার উদ্দেশ্যে মিথ্য সাক্ষ্য দেওয়ার অভিযোগ নাকচ করেন ফররুখ আহমেদ।
দুপুর ১টা ২০ মিনিট পর্যণ্ত টানা দু’ঘন্টা জেরার পর আদালত মামলার কার্যক্রম মূলতবি করেন।
উল্লেখ্য, দশ ট্রাক অস্ত্র আটকের সময় চট্টগ্রামের জিওসি হিসেবে দায়িত্ব পালন করা মইন উ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধানও নিযুক্ত হয়েছিলেন। বহুল আলোচিত ওয়ান ইলেভেনের সময় সেনাপ্রধান হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান।
এর আগে মঙ্গলবার আদালতে এ মামলায় ফররুখ আহমেদের সাক্ষ্যগ্রহণ এবং বুধবার আংশিক জেরা সম্পন্ন করেন আসামিপক্ষের আইনজীবিরা।
বৃহস্পতিবার আসামিদের মধ্যে আদালতে হাজির হয়েছেন তারা হলেন, জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র তৎকালীন মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআই’র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন, উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, ফিল্ড অফিসার আকবর হোসেন খান, রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএল’র সাবেক এমডি মোহসীন তালুকদার, চোরাচালানী হিসেবে অভিযুক্ত হাফিজুর রহমান ও ট্রলার মালিক দীন মোহাম্মদ।
অসুস্থ থাকায় সিইউএফএল’র সাবেক মহাব্যবস্থাপক এনামুল হককে আদালতে হাজির করা হয়নি।
এছাড়া সম্পূরক চার্জশিটভুক্ত দুই আসামি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রণ্ট অব আসামের (উলফা) সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নূরুল আমিন বর্তমানে পলাতক আছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে দশ ট্রাক অস্ত্রের চালানটি ধরা পড়ে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্তের পর ২০১১ সালের ২৬ জুন সিআইডি আদালতে দশ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক চার্জশিট দাখিল করে। এরপর ওই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বিচার।
এ মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক শিল্পসচিব ড. শোয়েব আহমেদ, গোয়েন্দা সংস্থা ডিজিএইফআই’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হাসান রুমি, বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান বীরবিক্রম, এনএসআই’র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী, ডিজিএফআই’র সাবেক ডিটাচমেন্ট কমান্ডার কর্ণেল (অব.) এ কে এম রেজাউর রহমান, এনএসআই’র সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ আলী এবং সিএমপি’র বন্দর জোনের তৎকালীন উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ হেল বাকী, সাবেক ডিআইজি (এসবি) শামসুল ইসলাম, সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার মাহমুদুর রহমানসহ ১২ জন ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
আরডিজি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর