খাগড়াছড়ি: ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নতুন কুমার চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শুনানির প্রতিবাদ করে তা প্রত্যাখ্যানের পরও ভূমি কমিশনের চেয়ারম্যান একতরফাভাবে শুনানি কার্যক্রম পরিচালনা করছেন।
এটা পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদের চক্রান্ত ছাড়া আর কিছুই নয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদেমুল ইসলাম চৌধুরীর কোনো শুনানি, রায় এবং কোনো কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
এদিকে, আগামী ৩০ মে কমিশনের শুনানি বাতিলের সময়সীমা বেঁধে দিয়ে এর মধ্যে একতরফা শুনানি কার্যক্রম বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুমকি দেওয়া হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২৪, ২০১২
অপু দত্ত
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর