নয়া দিল্লি: আইসিসির প্রধান নির্বাহীরা সোমবার টেস্ট ও একদিনের ম্যাচে ডিসিশন রিভিও সিস্টেম (ডিআরএস) বা ভিডিও আম্পায়ারস ব্যবহার বাধ্যতামূলক করার পক্ষে মত দিলেও আগের অবস্থানেই রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এক বছর আগে ভারতের অনুরোধেই ম্যাচে ডিআরএস পদ্ধতি বাধ্যতামূলক করার পরিবর্তে ঐচ্ছিক করেছিলো আইসিসি। সোমবার বিসিসিআই এক বিবৃতিতে জানায়,‘২৪ ও ২৫ জুন কুয়ালালামপুরে আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির বৈঠকে বিষয়টি আলোচিত হয়। যেখানে আমাদের অবস্থান পরিস্কার করতে চাই। সেটা হচ্ছে বিসিসিআই এখনো ডিআরএস পদ্ধতির ব্যাপারে আগের অবস্থানেই রয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়,‘বিসিসিআই এখনো মনে করে যে, ওই পদ্ধতিটি এখনো পুরোপুরি নির্ভরযোগ্য নয়। বোর্ড এখনো আগের অবস্থানে অনঢ় রয়েছে যে, কোনো সিরিজে ডিআরএস পদ্ধতি ব্যবহার করা হবে কিনা সেটা ওই দেশের বোর্ডের ওপরই ছেড়ে দেওয়া উচিত।
বিসিসিআইর এই প্রতিক্রিয়া দেওয়ার আগে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত এক বিবৃতিতে বলেছিলেন,‘স্বাধীনভাবে বল ট্র্যাকিং পরীক্ষার পর এই বিষয়ে আমাদের ভালো অগ্রগতি হয়েছে এবং ওই পদ্ধতিতে আরো পরিবর্তন আনায় প্রধান নির্বাহীদের নিয়ে গঠিত কমিটি প্রতিটি টেস্ট ও ওডিআইতে ডিআরএস বাধ্যতামূলক করার বিষয়ে আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশকে সমর্থন জানিয়েছে। প্রধান নির্বাহীদের বৈঠক থেকে সব টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ডিআরএস ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।’
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ২৫, ২০১২
এমএইচ
সম্পাদনা: আহসান হাবিব সম্রাট, স্টাফ করেসপন্ডেন্ট/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস