নয়াদিল্লি: যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন পাকিস্তানে জরুরি অবতরণ করেছে।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এয়ারবাস-৩১৯ আবুধাবি থেকে দিল্লিতে আসছিল। কিন্তু মাঝ আকাশে প্লেনের তিনটি হাইড্রোলিক সিস্টেমের সবই বিকল হয়ে যাওয়ায় পাকিস্তানের নবাব শাহ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। তবে প্লেনের ১২২ জন যাত্রীই সুরক্ষিত রয়েছেন।
ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগযোগ হয়েছে।
ভারতীয় বিমানমন্ত্রণালয় জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে খুব শিগগিরই অন্য একটি বিশেষ প্লেন যাত্রীদের আনার জন্য পাকিস্তানে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর