 |
চট্টগ্রাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযোগ (চার্জ) গঠনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ঈদের পরে তীব্র আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।”
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য কেবল সরকারই এ ব্যবস্থা মানতে চায় না।”
খসরু বলেন, “যেখানে বিশ্বব্যাংক সরকারকে দুর্নীতিবাজের সার্টিফিকেট দিয়েছে, সেখানে তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এ সরকার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির রেকর্ড গড়েছে।”
“আগামী নির্বাচনে জনগণ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলে শেখ হাসিনার সরকার তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পায়’ বলেও মন্তব্য করেন আমীর খসরু।
মহানগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের পরিচালনায় সমাবেশে বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা আবুল হাশেম বক্কর, কাজী বেলাল, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অগাস্ট ৬, ২০১২
এমইউ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর