 |
| ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: ঈদের আগে বেতন-বোনাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বেসরকারি এয়ারলাইন্স বেস্ট এয়ারের আড়াই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনের আগে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি জব্দ করা সব ব্যাংক হিসাব খুলে দেওয়ারও আবেদন জানান বেস্ট এয়ারের কর্মীরা।
সংবাদ সম্মেলনে বেস্ট এয়ারের পরিচালক (ফ্লাইট অপারেশন) ক্যাপটেন আনিসুর রহমান মানবিক আবেদন রেখে বলেন, “ঈদের আর মাত্র ১৫ দিন বাকি আছে। এ বিষয়টিকে সামনে রেখে মানবিকভাবে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি। শুধু বেতন-ভাতা না পাওয়ার কারণে সব পরিবারে অশান্তি নেমে এসেছে। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে।”
তিনি বলেন, “আড়াই শতাধিক কর্মীর প্রায় দুই প্রায় হাজার পরিবারের সদস্য রয়েছে এর সঙ্গে জড়িত। তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
“আমাদের সন্তান, বাবা-মা সবাইকে নিয়ে ঈদ উদযাপনের সুযোগ দিন।”
সম্প্রতি ডেসটিনির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেস্ট এয়ারের ব্যাংক হিসাবদ জব্দ করে সরকার। প্রায় ২৬০ জন কর্মী কাজ করছেন বেস্ট এয়ার এয়ারলাইন্সে। কেউই বেতন-বোনাস পাননি। কবে হবে তাও কেউ জানেন না।
২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া এই এয়ারলাইন্সটি কিনে নেয় ডেসটিনি গ্রুপ। এরপর দ্রুততার সঙ্গে অপারেশনে যেতে কাজ শুরু করে। এ পর্যন্ত বেস্ট এয়ার ১২ জন বৈমানিক, ৩৪ জন কেবিন ক্রুসহ সব মিলিয়ে প্রায় তিন শতাধিক লোক নিয়োগ দেয়।
বেস্ট এয়ার কর্তৃপক্ষ বৈমানিকদের এটিআর ৭২ উড়োজাহাজের প্রশিক্ষণের জন্য আয়ারল্যান্ড পাঠায়। তারা প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আসেন গত নভেম্বরে। এরপর কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে উড়োজাহাজ লিজে আনার উদ্যোগের কাজ শুরু করে। গত জুলাইয়ে এয়ারলাইন্সটির বহরে উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা ছিল।
গত মে মাসে রাজস্ব ফাঁকির অভিযোগে বাংলাদেশ ব্যাংক ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকসহ সবার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। ওই নির্দেশের পরও বেস্ট এয়ারের কর্মীদের বেতন ভাতা নিয়মিতই হতো।
বেতন বন্ধ হয়ে যাওয়ার পর কেবিন ক্রু, প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগ থেকে ২০/২৫ জন কর্মী বেস্ট এয়ার ছেড়ে চলে গিয়েছেন। কর্মীদের সবাই বেতনের আশায় এক মাস, দুই মাস করে নিদারুণ কষ্টের মধ্য দিয়ে চার-চারটি মাস কাটিয়েছেন। তবু বেতনের নিশ্চয়তা মিলছে না।
ঈদের আগে এই প্রতিষ্ঠানের সবাই যাতে সব বকেয়া বেতনসহ বোনাস পান সেজন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১২
আইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর