ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি কোম্পানির ২০১১ সালে সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ তাদের শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। কোম্পানিগুলো হলো- এসিআই, ইবনে সিনা ও এসিআই ফর্মুলেশন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে জানানো হয়, এসিআই কোম্পানির নগদ লভ্যাংশের ওয়ারেন্ট আগামী ১১ থেকে ১২ জুলাই পর্যন্ত কোম্পানির শেয়ার অফিস (৯ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০) থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ভগ্নাংশ শেয়ারের সমপরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে বিও অ্যাকাউন্টে জমা হবে।
এসিআই লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে এসিআই কোম্পানির নিট লাভ হয়েছে ২৩ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ দশমিক ১১ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২১২ দশমিক ৭৪ টাকা।
ইবনে সিনা: ইবনে সিনা কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে ইবনে সিনা কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৪৬ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩৭ টাকা।
এসিআই ফর্মুলেশন: এসিআই ফর্মুলেশনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির নিট লাভ হয়েছে ১৪ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৮৯ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৬৩ টাকা।
২০১০ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানির নিট লাভ হয়েছিল ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ০৫ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৫২ দশমিক ৭৩ টাকা।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর