 |
ঢাকা: উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারনের বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (এসইসি) জারি করা নির্দেশনার বিরুদ্ধে দায়ের করা ৩টি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের এ রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে এসইসি।
বৃহস্পতিবার এসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনার লক্ষ্যে এবং বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন ২সিসি ক্ষমতা বলে তালিকাভুক্ত কোম্পানি পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনের বিরুদ্ধে কয়েকজন পরিচালক উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে আদালত বিস্তারিত শুনানি শেষে রিটগুলো খারিজ করে দেন। ফলে পরিচালকদের শেয়ার সংক্রান্ত কমিশনের প্রজ্ঞাপনটি বহাল রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর্তৃক এই প্রজ্ঞাপন পরিপালন সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কমিশন জরুরিভিত্তিতে তথ্যাদি সংগ্রহ করছে। গত ২১ মে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর কমিশন তা যথাযথভাবে পরিপালনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
এ সংক্রান্ত আরো ৫টি রিট উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে, যা দ্রুত নিষ্পত্তির জন্য এসইসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর