ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের (ডিএমসি) গাইনি বিভাগ থেকে নবজাতক চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৭টার দিকে ২১২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় ওই ওয়ার্ডের সরকারি আয়া সুফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নবজাতকের বাবা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, প্রসব বেদনা শুরু হওয়ায় স্ত্রী শিল্পী বেগমকে সকাল ১১টার দিকে ডিএমসিতে নিলে সন্ধ্যা ৬টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। ডাক্তার তোয়ালে পেঁচিয়ে আয়া সুফিয়া বেগমের হাতে নবজাতককে তুলে দেন। সুফিয়া নবজাতককে তার নানীর হাতে তুলে দিয়ে চলে যান। এ সময় ওই ওয়ার্ডে অবস্থানকারী এক মধ্যবয়সী নারী নানীকে জানান, তার মেয়ে শিল্পীর অবস্থা ভালো নয়।
নানী এ কথা শুনে ওই নারীর হাতে নবজাতককে তুলে দিয়ে দ্রুত ভেতরে গিয়ে দেখেন তার মেয়ে সুস্থই আছেন।
এরপর তাড়াতাড়ি আবার ওয়ার্ডে ফিরে এসে দেখেন নবজাতকসহ ওই নারী উধাও।
নানীর চিৎকারে হাসপাতালের লোকজন এগিয়ে আসে এবং ওই নারীকে খুঁজতে থাকে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ মূল ফটকে আনসারের পাহারা বসায় এবং বিষয়টি ডিএমসি ক্যাম্পের পুলিশ জানতে পেয়ে আয়া সুফিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতকের বা ওই নারীর কোনো হদিস পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে ডিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমানের মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
হানিফ রাজা/ আবাদুজ্জামান শিমুল
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর