 |
| কবিতা পড়ছেন কবি ফকির ইলিয়াস। পাশে শহীদ কাদরী ও নীরা কাদরী |
দেশের বাইরে থেকেও যেন বাংলা কবিতার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন কবি শহীদ কাদরী। তারই আয়োজনে নিউইয়র্কে এক বছর পূর্ণ করলো ``একটি কবিতা সন্ধ্যা``। এর মাধ্যমে বাংলা ভাষার শ্রেষ্ঠ কিছু কবিতাকে জানার সুযোগ পেয়েছেন উত্তর আমেরিকায় প্রবাসী দর্শক শ্রোতা।
৯ জুন ২০১২ শনিবার `একটি কবিতা সন্ধ্যা`র ছিল ৫ম অনুষ্ঠান। নিউইয়র্কের জ্যামাইকার একটি মিলনায়তনে হলভর্তি দর্শক-শ্রোতার উপস্থিতিতে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের ছয়জন কবির কবিতা।
শুরুতে ছিল কবিতা নিয়ে আলাপচারিতা। এ পর্বে কবি শহীদ কাদরীর সঙ্গে আলাপচারিতায় অংশ নেন— ফকির ইলিয়াস, শামস আল মমীন ও নীলুফার রেজা পারভীজ। এটি সমন্বয় করেন, ফারুক ফয়সল।
শহীদ কাদরী বলেন, পরিশুদ্ধ কবিতা লিখতে হলে ভালো কবিতা পড়তে হবে। ভালো কবিতা শুনতে হবে। পঠন-পাঠনের বিকল্প নাই। একজন কবির উচিৎ যতো বেশি সম্ভব ভাষা রপ্ত করা। ইংরেজি, জার্মান ও ফ্রেঞ্চ ভাষা এখন বিশ্বসাহিত্যের অন্যতম শক্তি। বাংলা সাহিত্যের যেসব কবি এসব ভাষা জানেন, তারা ঋদ্ধ, তা বলা যায়।
অনুষ্ঠানের আলোচিত ছয়জন কবির মধ্যে ফজল শাহাবুদ্দীনের কবিতা আবৃত্তি করেন ফারুক ফয়সল ও রওশন আরা লিপি।
আসাদ চৌধুরীর কবিতা আবৃত্তি করেন- লুবনা কাইজার ও মিজানুর রহমান বিপ্লব।
মহাদেব সাহার কবিতা আবৃত্তি করেন জেসমিন মুশতাক ও আবীর আলমগীর। হুমায়ুন কবীরের একগুচ্ছ কবিতা পাঠ করেন কাউসারী মালেক রোজী। মোহাম্মদ রফিকের কবিতা আবৃত্তি করেন শাহানা বেগম রীনা। নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করেন জাকির হোসেন আরজু ও মুজিব বিন হক।
এই ছয়জন কবির কবিতা নিয়ে শহীদ কাদরী বলেন, এরা প্রত্যেকেই বাংলা সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব। তারা বাংলা কবিতার প্রকরণ, চিত্রকল্প ও নির্মাণশৈলীকে নতুনত্ব দিয়েছেন নিজের নিজের মতো করে। সময়ের চারপাশ, সমাজ, রাজনীতি, মানুষের চাওয়া-পাওয়া এবং জীবনের প্রত্যয় উঠে এসেছে তাঁদের কবিতায় নিপুনভাবে।
`একটি কবিতা সন্ধ্যা`র আয়োজন নিয়ে শহীদ কাদরী বলেন, ``বাংলা কবিতার ভাণ্ডার যে কত সমৃদ্ধ, তা তুলে ধরার জন্যই এই কবিতা সন্ধ্যার আয়োজন। আমরা পর্যায়ক্রমে আরও অনেক কবির শাণিত কবিতা আপনাদের সামনে উপস্থাপন করবো।``
অনুষ্ঠানের শেষপর্বে ছিল অভিবাসী কবিদের স্বরচিত কবিতাপাঠ। এই পর্বে কবিতা পড়েন— ফকির ইলিয়াস, শামস আল মমীন, বদিউজ্জামান নাসিম, অনন্ত আহমেদ, মন্জুর কাদের , এ বি এম সালেহ উদ্দীন, নীলুফার রেজা পারভীজ।
কবি তমিজ উদদীন লোদী`র একগুচ্ছ কবিতা পড়েন মঈন উদ্দীন সুমন।
দূর অভিবাসে থেকে যারা কবিতা লিখছেন তাদের কবিতা সম্পর্কে শহীদ কাদরী বলেন, ``আমি আশাবাদী। অনেকেই ভালো লিখছেন। তাদের কবিতায় যে উজ্জ্বল সম্ভাবনা আমি দেখি তা আমাকে আরও প্রত্যয়ী করে তোলে। এখন ইন্টারনেটের কল্যাণে মুহূর্তেই কবিতা প্রকাশ করা যাচ্ছে। এখন দেশ-পরদেশ সব একই সমান্তরালভূমি।``
পুরো অনুষ্ঠান সমন্বয় করেন কবিপত্নী নীরা কাদরী। আবহ সঙ্গীত ও শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তরুণ শিল্পী তানভীর শাহীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- রানা ও এজাজ আলম।
আগামী অনুষ্ঠান হবে সেপ্টেম্বরে।
বাংলাদেশ সময় ১৮০০, জুন ১১, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
Jewel_mazhar@yahoo.com