বাংলাদেশের সৃজনশীল প্রকাশনার উন্নয়ন, প্রসার ও পাঠক বৃদ্ধির জন্য বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির কর্মপ্রয়াসের ধারাবাহিকতায় ১৬ জুন বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘মেধাবী প্রজন্ম গঠনে সৃজনশীল বই’ শীর্ষক এক সেমিনার।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
প্রবন্ধের উপর আলোচনা করেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, প্রাবন্ধিক মফিদুল হক, মনজুরুর রহমান, আহমেদ মাহফুজুল হক, ফয়সল আরেফিন দীপন ও মাহরুখ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ জাকির হোসাইন। পুরো সেমিনারটি সঞ্চালনা করেন ফরিদ আহমেদ।
সেমিনারে বক্তাগণ বাংলাদেশের একটি আলোকিত রাষ্ট্রব্যবস্থা ও সমাজব্যবস্থা বিনির্মাণে আলোকিত মেধাবী প্রজন্ম গঠনের তাগিদ বোধ করেন। আর এই আলোকিত প্রজন্ম গড়ে তোলার জন্য সৃজনশীল বইয়ের গুরুত্ব অপরিসীম বলে অনেকেই গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বর্তমান রাষ্ট্রব্যবস্থার পাশাপাশি দেশে সৃজনশীল বইয়ের নানা সংকট ও সম্ভাবনার বিষয়েও আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সামগ্রিক পরিকল্পনার আলোকে আমরা দেশের শিক্ষাব্যবস্থার কাঠামোকেই বদলে দেয়ার ব্যাপারে সচেষ্ট। আমরা এরইমধ্যে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে নতুন আদলে সাজিয়েছি। সৃজনশীল প্রশ্নপদ্ধতির উদ্ভাবন করা হয়েছে। আমরা মনে করি দেশে একটি মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে পুরো সমাজব্যবস্থার চরিত্র বদলে দেয়া সম্ভব। এর জন্য প্রয়োজন সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে সহযোগিতার মনোভাব।
বাংলাদেশ সময় ১৭৫৫, জুন ১৭, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক