ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড হলো ‘গোল্ডেন পাম’ বা ‘পাম দর’। ফান্সের কান শহরে ৬৫তম উৎসবের মূল পর্বে এ অ্যাওয়ার্ডের জন্য প্রদর্শিত হচ্ছে বিশ্বের বিভিন্নপ্রান্তের বাছাইকৃত সেরা ছবি। এবার মূল প্রতিযোগিতায় প্রদর্শনের জন্যে এশিয়া, ইউরোপ, অ্যামেরিকা ও আফ্রিকার প্রায় এক হাজার সাতশ ছবি জমা পড়েছিল। এই ছবিগুলো থেকে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় প্রদর্শনের জন্য মোট ৫৪টি ছবি বাছাই করা হয়। এসব ছবি থেকেই ‘গোল্ডেন পাম’ জিতবে জুরিদের রায়ে সেরা ছবিটি।
গত ১৬ মে থেকে শুরু হওয়া ৬৫তম কান চলচ্চিত্র উৎসব শেষ হবে আগামী ২৭ মে। যতোই উৎসবের সমাপনী দিন এগিয়ে আসছে ততোই তর্ক-বিতর্ক আর উত্তেজনা বাড়ছে উৎসবে যোগ দেওয়া বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র প্রেমীদের মাঝে। সবার কৌতুহল একটাই - গোল্ডেন পাম জিতবে এবার কোন ছবি?
উৎসবের চলচ্চিত্র বোদ্ধারা একেকজন জোর একেকটি ছবির প্রতি। নানা মুনির নানামতের মাঝেই মোটামুটি ১০টি ছবিকে গোল্ডেন পামের লড়াইয়ে এগিয়ে রাখা হয়েছে। উৎসবের সমাপনী দিনে ঘোষণা না দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনোভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে কোন চলচ্চিত্র হাতে উঠবে সেরা ছবি নির্মাণের সম্মান।
৬৫তম কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির দৌড়ে এগিয়ে থাকা ১০টি আলোচিত ছবির উপর চোখ রাখা যাক।
‘কসমোপোলিস’ এ বছরের কান চলচ্চিত্র উৎসবে ‘পাম দর’ অ্যাওয়ার্ডের প্রতিযোগিতার সেরা ছবির দৌড়ে অন্যতম শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছে কানাডীয় পরিচালক ডেভিড ক্রোনেনব্যার্গের ‘কসমোপোলিস’ছবিটি। ডন ডিলিলোর ‘কসমোপোলিশ’ উপন্যাসের উপর ভিত্তি করেই ছবিটি নির্মান করা হয়েছে। একটি ধনকুবের বেপোয়ারা প্লেবয় চরিত্রে এ ছবিতে অভিনয় করেছেন রবার্ট পেটিনসন। ছবিতে আরও আছেন পল গিমাট্টি, সামান্থা মর্টন, সারা গ্যাডন, ম্যাথিউ অমলরি ও জুলিয়েট বিনোক।
‘অন দ্য রোড’ জ্যাক ক্যারকের উপন্যাস ‘অন দ্য রোড’-এর কাহিনী নিয়েই পরিচালক আল্টার সেলস নির্মান করেছেন ‘অন দ্য রোড’ ছবিটি। এ ছবিতে ‘সাল প্যারাডাইস’র নাম ভূমিকায় অভিনয় করেছেন স্যাম রিলে, ‘ডিন মোরিয়ারটি’র নাম ভূমিকায় আছেন গ্যারেট হেডলান্ড। এছাড়াও আছেন ক্রিস্টেন ডানস্ট, ভিগো মর্টেনসেন এবং টেরেন্স হাওয়ার্ড। কানাডার মন্ট্রিলে ছবিটির শুটিং শুরু হয় ২০১০ সালের ৪ আগষ্ট। প্রায় ২৫ মিলিয়ন ডলার বাজেটের ছবি এ ছবিটি কান উৎসবে ’পাম দর’ অ্যাওয়ার্ড প্রতিযোগিতার লড়াইয়ে নামছে ২৩ মে।
‘মুনরাইজ কিংডম’ কান চলচ্চিত্র উৎসবের শুরতেই প্রদর্শিত হয় মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ‘মুনরাইজ কিংডম’ ছবিটি। এবছর উৎসবের মূল খেতাব ‘পাম দর’ জয়ের দৌঁড়ে ‘মুনরাইজ কিংডম’ছবিটির প্রথম প্রদর্শনেই সমালোচকদের দৃষ্টি কেড়ে নেয়। বিল মুরে ও ব্রুস উইলিসের অভিনয় হয়ে উঠে সমালোচকদের সুনামের ভাগীদার ৷ এ ছবিতে অভিনয়ে দেখা যায় নতুন কিছু মুখ। এদের মধ্যে আছেন ফ্রান্সেস ম্যাকডরমান্ড, এডওয়ার্ড নর্থন, টিলডা সুইটন। ছবিটি ২০১১ সালে ২৯ জুন থেকে শুটিং শুরু করেছে। এটি প্রযোজনায় ছিল ফোকাস ফিচার।
‘দ্য পেপার বয়’ এ বছর ‘পাম দও’ অ্যাওয়ার্ডের দৌড়ে মনোনিত হওয়া নিকোল কিডম্যানের দুইটি ছবি মুক্তি পাচ্ছে। এর মধ্যে বিশেষ একটি হলো লি ডেনিয়েলের ছবি ‘ দ্য পেপারবয়’। ১৯৯৫ সালের আমেরিকার লেখক পিট ডেক্সটারের ‘দ্য পেপারবয়’ উপন্যাসের কাহিনী অবলম্বনে নির্মান হয়েছে ছবিটি। একজন রিপোটার্স গল্প নিয়ে তৈরি এ ছবির মূল ভূমিকায় আছেন নিকোল কিডম্যান। আরও অভিনয় করেছেন জ্যাক ইফ্রোন, ম্যাথিউ ম্যাককোনাগে, জন কুসাক ও স্কট গ্লেন। ১০১ মিনিটের এ ছবিটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় ১২ মিলিয়ন ডলার।
‘লাইক সামওয়ান ইন লাভ’ ২০১০ সালে ইরানিয়ান পরিচালক আব্বাস কিরোস্তামি ‘সার্টিফিকেট কপি’ ছবিটির জন্যে কান উৎসবে পুরস্কার জিতে নেন। এ বছর গোল্ডেন পাম লড়াইয়ে ‘লাইক সামওয়ান ইন লাভ’ ছবিটি নিয়ে আবারও এসেছেন তিনি। একজন পুরুষ ও একজন নারীর সমঝোতার কাহিনী নিয়ে ছবিটি তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করেছেন রিন টাকানাসি, টাডাসি অকুনো ও রায়ো কেসে। ছবিটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় ৪.৮ মিলিয়ন ডলার।
‘কিলিং দেম সফটলি’ এ বছর শিরোপা জয়ের দৌড়ে সম্ভাবনাময় হিসেবে রয়েছে পরিচালক অ্যান্ড্রু ডোমিনিক এর ছবি ‘কিলিং দেম সফটলি। এতে মূল অভিনেতা জনপ্রিয় তারকা ব্র্যাড পিট। একজন প্রফেশনাল ইনফোরসারের ভূমিকায় অভিনয় করেছেন ব্র্যাড পিট। জর্জ ভি. হিগিনসের ’কিলিং দেম সফটলি’ উপন্যাসের গল্প নিয়ে তৈরি হয়েছে এ ছবি। এতে আরও অভিনয় করেছেন রায়ে লিওট্টা ও রিচার্ড জ্যাকিনস।
‘রিয়্যালিটি’ ২০০৮ সালে ‘গোমোরাহ’ ছবির জন্যে গ্র্যান্ড জুড়ি পুরস্কার জিতে নেয়ার পর এ বছর গোল্ডেন পাম দৌড়ে আবারও অংশ নিচ্ছে পরিচালক ম্যাটিও গ্যারোনের ‘রিয়্যালিটি’ ছবিটি। রিয়্যালিটি টেলিভিশনের চিত্র ফুটে উঠেছে এ ছবিতে।
‘আমুর (লাভ)’ এ বছরের ‘গোল্ডেন পাম’র জন্য দৌড়ে আরও রয়েছে অস্ট্রীয় পরিচালক মিশায়েল হানেকে`র প্রেমের ছবি ‘আমুর’ বা ভালোবাসা। ২০০৯ সালে ‘দ্য হোয়াইট রিবন’ ছবির জন্যে ‘পাম দর’ জয়ের পর এ বছর আবারও এসেছেন প্রতিযোগীতার লড়াইয়ে। পুরস্কারটি জিতে নেবার তালিকায় ষষ্ঠ স্থানে আছে এ ছবিটি। ৮০ বছরের দম্পতি জজ ও এ্যানির ভালোবাসার গল্প নিয়ে নির্মান হয়েছে ছবিটি। এ ছবিতে অভিনয় করেছেন জিন লুইস ট্রিনটিগনেন্ট, ইমানুয়েল রিভা ও ইসাবেলা হাপার্ট।
‘ল’লেস’ ‘দ্য প্রপোজিশন’ ও ‘দ্য রোড’ ছবি খ্যাত পরিচালক জন হিলকোটের নতুন ছবি ‘ ল’লেস’ নিয়ে এ বছর কান চলচ্চিত্র উৎসবের লড়াইয়ে থিয়েটারে নেমেছে ২১মে। পরিচালক সহ অভিনয় শিল্পীরা টম হার্ডি, জেসিকা চাসটেইন ও সিয়া লাবুফ ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। অপরাধ নির্ভর এ ছবি প্রদর্শনের পর সমালোচকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। ছবিটির গোল্ডেন পাম অ্যাওয়ার্ড জেতার সম্ভবনা রয়েছে বলে ধারনাও করেছেন সমালোচকরা।
‘রাস্ট অ্যান্ড বোন’ ম্যারিয়ন কটিলার্ড অভিনীত ‘রাস্ট অ্যান্ড বোন’ ছবিটি এরই মধ্যে কান চলচ্চিত্র উৎসবে সমালোচক ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। ছবিটির প্রদর্শনী দেখে মুগ্ধ হয়েছেন উপস্থিত সবাই। শেষ হতেই দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অভিবাদন জানান ছবির সংশ্লিষ্টদের। প্রশংসা পেয়েছে ম্যারিয়নের অভিনয়। সবার ধারনা এ ছবির মূল শক্তিই হলো ম্যারিয়নের অভিনয়। জ্যাক অদিয়ার্দ পরিচালিত ছবিটিতে তিমি-শিকারি প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন ম্যারিয়ন। এক দুর্ঘটনায় দুই পা হারান মেয়েটি। কানাডিয়ান লেখক ক্রেগ ডেভিডসনের ছোটগল্প অবলম্বনে এ ছবি নির্মান হয়েছে। গোল্ডেন পাম জেতার সম্ভবনাও এ ছবির অনেক বেশি বলে ধারনা করছেন সমালোচকরা। পরিচালক জ্যাক অদিয়ার্দ এর আগেও ২০০৯ সালে ‘এ প্রফেট’ ছবির জন্যে গ্র্যান্ড জুড়ি পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশ সময় ০১২০, মে ২২, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।