ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৮ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পায়।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে অ্যামবি ফার্মা কোম্পানির শেয়ারের দাম। সোমবার এ কোম্পানির শেয়ারের দাম ৩ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৮৩ দশমিক ৩ টাকায় এবং সর্বনিম্ন ৭৪ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ৭৩ দশমিক ৯ টাকা। তবে সোমবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৮০ টাকায়। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৭ টাকা বৃদ্ধি পায়।
উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের রাইট শেয়ার দিয়ে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়ানোর সুপারিশ করেছে।
জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২:১ রাইট শেয়ার দেওয়ার সুপারিশ করেছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা তাদের কাছে থাকা প্রতিটি শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার নিতে পারবে। তবে সুপারিশ বাস্তবায়নের জন্য কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন প্রয়োজন।
এ প্রস্তাবে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৮ জুন দুপুর ১২টা ৪৫ মিনিটে এলজিইডি অডিটোরিয়াম, এলজিইডি ভবন, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকায় কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন।
এছাড়া প্রস্তাবিত রাইট শেয়ার এনটাইটেলমেন্টের জন্য এসইসির অনুমোদন পাওয়ার পর আরেকটি রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
অন্যদিকে, সোমবার অ্যামবি ফার্মা কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ২৭০ টাকায় এবং সর্বনিম্ন ২৬৯ দশমিক ১ টাকায় লেনদেন হয়।
এছাড়া, গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ২৬৮ দশমিক ৮ টাকায় লেনদেন হয়েছিল। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার প্রায় ৯ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।
সোমবার দাম বাড়ার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৮ দশমিক ২৫ শতাংশ, অ্যামবি ফার্মা ৩ দশমিক ৩১ শতাংশ, সাভার রিফ্রেকটরিজ ৩ দশমিক ১৬ শতাংশ, অ্যাপেক্স ডেল্টা লাইফা ইন্স্যুরেন্স ২ দশমিক ৯৪ শতাংশ, এফবিএফআইএফ ২ দশমিক ২৪ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেড ১ দশমিক ৭৪ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্স ১ দশমিক ৬৫ শতাংশ, এসিআই বন্ড ১ দশমিক ৬৪ শতাংশ, আইসিবি থার্ড ১ দশমিক ৬১ শতাংশ এবং প্রাইম ব্যাংক ১ দশমিক ৪৭ শতাংশ দাম বেড়েছে।
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে সোমবার ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছ- কোহিনূর কেমিক্যাল, অ্যাপেক্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, আরামিট, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ওসিএল, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইন্স্যুরেন্স।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর