 |
সিলেট: বাংলাদেশ বিমানকে ‘একটি অদক্ষ প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, যদি বাংলাদেশ বিমান থেকে সঠিকভাবে সেবা না দেওয়া হয় তাহলে বিমানের জন্য অর্থনৈতিক সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে।
এত ভোগান্তির পরও যাত্রীরা বাংলাদেশ বিমান ব্যবহার করে উল্লেখ করে মন্ত্রী প্রতিষ্ঠানটির প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন।
রোববার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর আবারও চালু হওয়া লন্ডন-সিলেট ফ্লাইটের অবতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান।
শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় হিথ্রো বিমানবন্দর থেকে বিজি-০১৮ এর ফ্লাইট ফ্লাইটটি রওয়ানা হয়ে ২৭৪ জন যাত্রী নিয়ে রোববার সকাল ৮টা ৪০ মিনিটে সিলেট অবতরণ করে।
এসময় অর্থমন্ত্রী ও বিমানমন্ত্রী তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘লন্ডন সিলেট ফ্লাইট চালুর মাধ্যমে অনেকদিনের দাবি বাস্তবায়ন হলো।’
মন্ত্রী জানান, সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালু হতে আরও সময় লাগবে। কারণ হিসেবে মন্ত্রী বলেন, ২০১৩ সালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের রিফোয়েলিং স্টেশন নির্মাণ কাজ সম্পন্ন হলে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটে আর কোনো সমস্যা থাকবে না।
মন্ত্রী ক্ষোভের সঙ্গে জানান, ‘উন্নত দেশে বিমান তার যাত্রীদের অত্যন্ত ভালো সেবা দিয়ে থাকে। একই সঙ্গে সেটি একটি লাভজনক প্রতিষ্ঠানও। কিন্তু বাংলাদেশে বিমান অব্যাহত ভাবে লোকসান দিয়ে যাচ্ছে।’
বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, ‘এখন থেকে প্রতি সপ্তাহে লন্ডন থেকে সিলেট সরাসরি ফ্লাইট আসবে। সিলেট থেকেও সরাসরি ফ্লাইট চালুর জন্য যত দ্রুত সম্ভব রিফোয়েলিং স্টেশন নির্মাণ কাজ শেষ করা হবে।’
তিনি জানান, ‘বর্তমান সরকার বিমানের উন্নয়নের ২ হাজার ৪শ কোটি টাকার কাজ করেছে।’
তিনি বলেন, ‘আর চালু হওয়া লন্ডন-সিলেট ফ্লাইট বন্ধ হবেনা, সিলেটে রিফোয়েলিং স্টেশন স্থাপনের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সিলেট থেকে হজ যাত্রীদের বহন করতে সিলেট-জেদ্দা ফ্লাইট শিগগিরই চালু করা হবে।’
সিলেট থেকে জেদ্দায় সপ্তাহে দুটি ফ্লাইট যাবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী এমপি, মুক্তিযোদ্ধা মহসিন আলী এমপি, সৈয়দা জেবুন্নেসা হক এমপি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমদ সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল, নাসির উদ্দিন প্রমুখ।
এদিকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় হিথ্রো বিমানবন্দরে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটটি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
অনুষ্ঠানে বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদুর রহমান, আতিকুর রহমান চিশতী, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ১৬ ডিসেম্বর কুয়াশার অজুহাত দেখিয়ে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিলো বিমানের সিলেট-লন্ডন-দুবাই সরাসরি ফ্লাইট। সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর প্রধানমন্ত্রীর ঘোষণায় আবারো চালু হলো লন্ডন-সিলেট ফ্লাইট।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০,২০১২
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর