 |
ঢাকা: গ্রুপ ৬১ (GROUP 61) এর উদ্যোগে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে সপ্তাহব্যাপী গ্রুপ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২০ জন শিল্পীর এ প্রদর্শনী শুরু হবে ১৩ জুলাই।
GROUP 61 এর এটি প্রথম আয়োজন। প্রদর্শনীতে প্রত্যেক শিল্পীর ২টি করে কাজ স্থান পাবে।
GROUP 61 সংশ্লিষ্টরা বাংলানিউজকে জানান, এই সংগঠনটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৯৯১-৯২ শিক্ষাবর্ষের ৬১ জন সহপাঠী বন্ধুর একটি প্লাটফর্ম। এই সংগঠনের প্রথম প্রয়াস হিসেবে সপ্তাহব্যাপী ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
১৩ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ভাষ্কর অধ্যাপক হামিদুজ্জামান খান ও সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী।
আয়োজকরা জানান, তাদের সংগঠনভুক্ত ৬১ বন্ধুর অনেকে দেশের বাইরে থাকায় আবার অনেকে ব্যস্ততার জন্য এবারের প্রদর্শনীতে অংশ নিতে পারছেন না। তবে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বন্ধুদের সঙ্গে তাদের সম্পৃক্ততা দিন দিন বাড়বে বলে তারা আশাবাদী।
এ প্রসঙ্গে GROUP 61 স্মরণ করে তাদের অকাল প্রয়াত বন্ধু-সহপাঠী সৈয়দ জাকির ইকবাল জাকিরকে (১৯৭২-২০০১)। সদালাপী হাসিখুশী জাকির ২০০১ সালের ২ এপ্রিল এমএফএ’র প্রথম বর্ষের ছাত্রাবস্থায় মারা যান। মেধাবী শিল্পী জাকির শিশু অবস্থায় অনেক জাতীয় পুরস্কারে ভূষিত হন।
শ্রদ্ধা ও ভালোবাসায় GROUP 61 এই প্রদর্শনী তাদের প্রিয় বন্ধু জাকিরকে উৎসর্গ করেছে। একই সঙ্গে তারা তাদের প্রয়াত প্রিয় শিক্ষকদের স্মরণ করেছেন যারা তাদের শিল্প-শিক্ষায় শিক্ষিত করেছেন।
ধানমন্ডির ৭/এ সড়কের ৬০ নম্বর বাড়িতে এ প্রদর্শনী ১৩ থেকে ১৯ জুলাই প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১০ জুলাই, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর