নীলফামারী : জলঢাকায় ট্রাক চাপায় আব্দুর রশিদ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে জলঢাকা-নীলফামারী সড়কের টেঙ্গনমারী চৌপথি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত রশিদ জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের আশ্রম প্রকল্প ভৈচালের ভিটা এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে।
দুর্ঘটনার সময় বিক্ষুদ্ধ লোকজন রাস্তায় অবরোধ করে রাখলে রাত ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে নীলফামারীগামী ট্রাক চাপা দিলে সেখানেই মারা যান আব্দুর রশিদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাপস কুমার পন্ডিত বাংলানিউজকে জানান, চালককে আটক করা না গেলেও ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪ ৩৪৩৪) পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্রসঙ্গত নিহত আব্দুর রশিদের ছেলে শাহিন হোসেন বুধবার সন্ধায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, মে ২৪, ২০১২
নুর আলম
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর