ময়মনসিংহ: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের কেন্দ্রীয় নেতা কাদের মোল্লার ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে অসন্তুষ্ট ময়মনসিংহের মুক্তিযোদ্ধারা।
আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের হৃদয়ে মারাত্মক রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
রায় প্রত্যাখ্যানের পাশাপাশি কাদের মোল্লার ফাঁসির রায় দেওয়ার দাবিতে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এ বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় একটি প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম সরকার রবার্টের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট নাজিম উদ্দিন।
এ সময় আরো বক্তব্য রাখেন, সহকারী কমান্ডার জিয়াউল হক, সদর উপজেলার সহকারী কমান্ডার ফজলুল হক, নাজিম উদ্দিন, হুমায়ুন কবির প্রমুখ।
সমাবেশে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, “কাদের মোল্লার মতো শীর্ষ মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া এ রায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধাদের হতাশার সাগরে ডুবিয়ে দিয়েছে। এ রায়ে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের মানুষের প্রত্যাশা উপেক্ষিত হয়েছে।”
সভাপতির বক্তৃতায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেলিম সরকার রবার্ট বলেন, “বাচ্চু রাজাকারের ফাঁসির রায় হওয়ার পর মুক্তিযোদ্ধারা নতুন আশায় বুক বেঁধেছিলেন। প্রত্যাশা ছিল একাত্তরে আমাদের মা-বোনদের সম্ভ্রম হানি করা, হত্যা ও গণহত্যার সঙ্গে সম্পৃক্ত কাদের মোল্লারও ফাঁসির রায় হবে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায় মুক্তিযোদ্ধাদের হতাশ করেছে। অবিলম্বে এ রায় পুন:বিবেচনা করে ফাঁসির রায় দিতে হবে।”
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর/জেডএমeic@banglanews24.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর