ঢাকা: রাজধানীর কাওরানবাজারের বিজিএমইএ ভবনের সামনের ফুটপাতে সারি সারি কাফনের কাপড়ে ঢাকা লাশ। একটি নয়, দুটি নয় ১১১টি লাশ।
বৃহস্পতিবার বিকেলে বিজিএমইএ’র সামনে দিয়ে যেসব পথচারী যাতায়াত করছিলো, এই দৃশ্য দেখে তারা সকলেই থমকে দাঁড়ায়। তবে এই লাশগুলো প্রকৃত অর্থে কোনো লাশ নয়। এগুলো ছিল প্রতীকী লাশ।
এই লাশের সারি দিয়ে মনে করিয়ে দেওয়া হয় সম্প্রতি আশুলিয়ায় ঘটে যাওয়া স্মরণকালের সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডের নিহত শ্রমিকদের কথা। এই দৃশ্য দেখে কাওরানবাজারের পরিবেশ ভারী হয়ে ওঠে।
ব্যতিক্রমী এই প্রতিবাদের আয়োজন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক ম্যাজিক গ্রুপ নামের একটি সংগঠন। তাদের ব্যানারে লেখা ছিল- ‘Factory’s are not prison’
আয়োজকরা জানান, তৈরি পোশাক কারখানাগুলোয় প্রতিবছর বিভিন্ন দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার মিছিল যেন বেড়েই চলেছে। কিন্তু এই দিকে বিন্দুমাত্র ভ্রƒক্ষেপও নেই তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র। নেই কোনো পরিকল্পনাও। তারা যেন শ্রমিকদের প্রাণের বিনিময়ে মুনাফা অর্জনে ব্যস্ত। এই ভয়াবহ প্রাণহানিতেও যেন তাদের ঘুম ভাঙ্গেনা। তাই শ্রমিকরা যেন জীবনের নিরাপত্তা পান সেদিকে দৃষ্টি দেওয়ার জন্যই এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এমএইচ/সুফি ইমরান জিতু/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com