 |
নারায়ণগঞ্জ : পবিত্র ঈদুল ফিতরের আগে নারায়ণগঞ্জে ৪ দিনে ৬টি খুনের ঘটনায় সর্বত্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তবে জেলা পুলিশ সুপার এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এগুলো ঘটবার কথা ছিল না। কিন্তু ঘটে গেছে। তাই এতে আতঙ্কের কোনো কারণ নেই বলেই মনে করছেন।
৬টি হত্যাকাণ্ডের মধ্যে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ১টি, ফতুল্লায় ১টি, শহরের টানবাজারে একটি, পাইকপাড়া এলাকায় জোড়া খুন ও অপর খুনের ঘটনা ঘটেছে আড়াইহাজার উপজেলায়। শুধু শুক্রবার সন্ধ্যা ৬টা থেকেই শনিবার সকাল ১১টার মধ্যেই খুন হয়েছেন ৩ জন।
এসব খুনের মধ্যে মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনাটি রয়েছে সবচেয়ে বেশি আলোচিত।
৪দিনে ৬ হত্যাকাণ্ডের মধ্যে দুই জন প্রাণ হারিয়েছেন ছিনতাইকারীর হাতে। মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন অন্য ২ জন। এ ৬টি হত্যাকাণ্ডের মধ্যে মা ও মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব একজন সন্দেহজনকভাবে আটক করেছে। মোটর গ্যারেজ মিস্ত্রি খুনের ঘটনায় আটক হয়েছে ২ জন। তবে অন্য ৩টি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো গ্রেফতার নেই।
শনিবার সকাল ১১টায় শহরের টানবাজার এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই মহিলার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ৭ তলা একটি ভবন থেকে পাশ্ববর্তী ৬ তলার ছাদে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
শুক্রবার দিনগত রাত ২টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে করে হত্যা করেছে সবজি ব্যবসায়ী মাসুম শেখকে (৩৮)। মিজমিজি পূর্বপাড়া ক্যানালপাড় এলাকায় ছিনতাইকারীরা তার বুকে ও পেটে ৩টি কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মাসুম সিদ্ধিরগঞ্জ পুল বাজারে সবজির দোকান করতেন।
শুক্রবার বিকেলে সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী ফরিদা বিল্ডিং সংলগ্ন এলাকায় মোঃ শাহীন (৩০) নামের এক মোটর গ্যারেজ মিস্ত্রিকে পূর্বশত্রুতার জের ধরে গলা কেটে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ।
এর আগে ১৫ আগস্ট বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের জনাকীর্ণ আবাসিক এলাকা পাইকপাড়ায় আমিনা মঞ্জিল থেকে মা ও মেয়ের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মাবিয়া আক্তার (৪৬) ও তার মেয়ে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার (১২)। খুনিরা ধারালো ছুরি দিয়ে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে।
এর মধ্যে মায়ের গলা কেটে দুই টুকরো ছিল। আর মেয়ে সাদিয়াকে জবাই করা হত্যার পর ছুরিটি তার শরীরের ওপরে রাখা ছিল। বিছানার মধ্যেই তাদের ২ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে মাবিয়া আক্তারের পা বাধা ছিল কাপড় দিয়ে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে র্যাব-১১ সদস্যরা ঢাকার খিলগাঁও এলাকা থেকে আবদুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করেছেন।
১৫ আগস্ট বুধবার ভোরে আড়াইহাজার উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেবিট্যাক্সি চালক নাজিমউদ্দিন নাজু (২৫) খুন হন। উপজেলার আড়াইহাজার-উচিৎপুরা সড়কের বেলায়েত কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাজু হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
এ বিষয়ে পুলিশ সুপার শেখ নাজমুল আলম বাংলানিউজকে জানান, যে সকল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। এগুলো ঘটবার কথা না থাকলেও ঘটেছে এটিই সত্য। যে সকল স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সে সকল স্থানে পুলিশ টহলে ছিল না। আর মাদক ব্যবসায়ীদের হাতে যুবক নিহত হওয়ার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। মা ও মেয়ে হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উন্মোচনে র্যাব ও পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
তানভীর হোসেন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর