মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া এলাকায় ট্রাকচাপায় সায়হাম (১৮) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সায়হাম মুন্সীগঞ্জ সদরের খানকা দালালপাড়া গ্রামের আসাদ তালুকদারের ছেলে।
হাতিমাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া থেকে মুক্তারপুর যাওয়ার পথে একটি ট্রাককে অতিক্রম করার সময় মোটরবাইক আরোহী সায়হাম নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সায়হাম ঘটনাস্থলেই নিহত হন।
তবে মোটরবাইক চালক জেসি অক্ষত রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়-১২৪৫ ঘন্টা, ২১ জুলাই, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর