ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির তিনজন উদ্যোক্তা পরিচালক নিজ নিজ কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠান ৩টি হলো- এনসিসি ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক তোফাজ্জেল হোসেন ৩ লাখ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মনোনিত পরিচালক রশিদ চৌধুরী ১ লাখ এবং রূপালী ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক কাজী মনিরুজ্জামান ৪০০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২১ মের মধ্যে সব উদ্যোক্তা পরিচালকের কাছে ব্যক্তিগতভাবে ২ শতাংশ এবং সমষ্টিগতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করার কথা ছিল। যারা নির্ধারিত সময়ে শেয়ার ধারণ করতে ব্যর্থ হয়েছে তারা পরিচালক পদ হারাবেন।
এ ঘোষণা দেওয়ার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে তারা এ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডেটর