ঢাকা: যুবদল নেতা মাসুদ রানার রাজশাহীস্থ টিকাপাড়ার বাসভবনে মোটর শ্রমিক লীগ নেতা-কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, শনিবার ইফতারির সময় মোটর শ্রমিক লীগ নেতা মাহাতাবের নেতৃত্বে রফিকুল, বুলবুলসহ অন্যান্য চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীরা জোর করে মাসুদ রানার জমি দখল এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়া সন্ত্রাসীরা মাসুদ রানার বড় ভাই আব্দুল কুদ্দুসকে কুপিয়ে গুরুতর আহত করে। তিনি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ফখরুল বলেন, “যুবদল নেতা মাসুদ রানার বাসায় গতকাল (শনিবার) সন্ত্রাসী ঘটনার মধ্য দিয়ে বর্তমান অবনতিশীল আইন-শৃংখলা পরিস্থিতির ভয়ংকর চিত্রই ফুটে উঠেছে।”
তিনি বলেন, “বর্তমান সরকার আইন-শৃংখলা পরিস্থিতি রক্ষায় শুধু ব্যর্থতার পরিচয়ই দেয়নি বরং তারা নিজেরাই সন্ত্রাস, হত্যা, খুনোখুনি, দখল ও চাঁদাবাজিতে লিপ্ত থেকে সারাদেশে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করেছে। আজ দেশের মানুষ কোথাও কোন নিরাপত্তা বোধ করছে না। দেশে বর্তমানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় যুবদল নেতা মাসুদ রানার বাসায় হামলা চালানো হয়েছে।”
তিনি বলেন, “যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে সরকার নির্লজ্জ প্রশ্রয় দেওয়ার কারণেই দেশ আজ বেপরোয়া গতিতে চরম অনিশ্চয়তা ও নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে।”
অবিলম্বে যুবদল নেতা মাসুদ রানার বাসায় হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এমএম/ জেডএম