চট্টগ্রাম: কৃষিসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন করতে তথ্য প্রযুক্তি ও তরুণ শিক্ষার্থীদের মেধাশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেছেন, তথ্য প্রযুক্তি একটি সম্ভাবনাময় খাত। উন্নত বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র কৃষি থেকে শুরু করে শিল্প বিপ্লব পেরিয়ে বর্তমানে বৈপ্লবিক যুগ পার করছে। তাই কৃষির উন্নয়নের পাশাপাশি আমাদেরকে তরুণদের মেধাশক্তি কাজে লাগিয়ে সহজেই আইটি শিল্পে উন্নয়ন করতে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘গণিত ও প্রযুক্তিগত জ্ঞানকে প্রয়োগিক ক্ষেত্রে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সহজ করছে প্রকৌকল জ্ঞান। বর্তমানে মানুষ এ জ্ঞানের উৎকর্ষতায় সৌরজগতের বিভিন্ন গ্রহেও বিজয় কেতন উড়িয়ে চলছে।`
নতুন গ্র্যাজুয়েটদের মানবিক মূল্যবোধ জাগ্রত করে অর্জিত জ্ঞান ও দক্ষতা জনগণের সেবা ও কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী সমাবর্তন বক্তা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম শুভেচ্ছা বক্তব্য দেন।
এবছর সমাবর্তনে ১ হাজার ৭০৮ জনকে স্নাতক এবং ১০ জনকে স্নাতকোত্তর ডিগ্রীর সনদ প্রদান করা হয়। এছাড়াও চারটি শিক্ষাবর্ষে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ৪ শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন মন্ত্রী।
২০০৩ সালে বাংলাদেশ ইনষ্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), চট্টগ্রামকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করে সরকার। যার প্রথম সমাবর্তন ২০০৮ সালে ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭ ৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এমবিএম/আরডিজি