 |
| ছবি: নুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ ও সত্যি বলছি খ্যাত শিল্পী জয় শাহরিয়ার গত রোজার আগেই শুরু করেছিলেন তাদের ‘ব্রাদারহুড প্রজেক্ট’। এর মাধ্যমে একসঙ্গে অ্যালবাম প্রকাশ, স্টেজ শো, টিভি লাইভসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার ঘোষণা দেন তারা।
এরপর ১২.১২.১২-তে প্রকাশিত হয় তাদের `দ্য ব্রাদারহুড প্রজেক্ট`-এর টাইটেলড অ্যালবাম। তাদের এ নতুন অ্যালবামটি শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী সংগীতপ্রেমীদের জন্য তারা আন্তর্জাতিকভাবে প্রকাশ করেছেন। নতুন এ অ্যালবামের গানগুলো বর্তমানে আইটিউন, স্পোটিফাই, গুগল প্লে, ই-মিউজিকের মাধ্যমে বিশ্বের যে কেউ শুনতে পারবেন।

আলাপচারিতার শুরতেই তাদের ব্রাদারহুড প্রজেক্ট নিয়ে জানতে চাইলাম। প্রথমে জয় বললেন, ‘আমি আর পারভেজ দু`জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। সে অবশ্য আমার এক ব্যাচ সিনিয়র। ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে, আড্ডায়, গল্পে গান করতে গিয়ে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আর আড্ডার সূত্র ধরেই গত বছর জুনে ` দ্য ব্রাদারহুড প্রজেক্টে`টি গড়ে ওঠে।’
জয় আরো বললেন, ‘একটু ভিন্ন কিছু করার তাগিদেই এই প্রজেক্টের কথা আমরা ভেবেছি। আমাদের দেশের বাইরে এমন অনেক প্রজেক্ট হয়। কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম শুরু করলাম। এ দেশে বিভিন্ন শিল্পীর একসঙ্গে কাজ করার বিষয়টি মিশ্র অ্যালবাম করা পর্যন্তই এগোয়। খুব বেশি হলে বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান। সেই জায়গা থেকে বেরিয়ে এসে ধারাবাহিকভাবে নতুন ও ভিন্ন কিছু করার জন্যই এই প্রজেক্ট। এখানে আমাদের দু`জনের সঙ্গে বিভিন্ন সময় অন্য সুহূদ মিউজিশিয়ানরাও অংশ নেবেন।’
এবার পারভেজ মুখ খুললেন। তার মতে, ‘আমাদের সংগীত সম্পর্কে বাইরে একটা ভুল ধারণা আছে যে, আমাদের মধ্যে একসঙ্গে কাজ করার মানসিকতা নেই। সেই ভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা হিসেবে এই প্রয়াস। আর এ কারণেই “দ্য ব্রাদারহুড প্রজেক্ট” নামটি বেছে নেওয়া। আর আমাদের নুতন এ অ্যালবামে আমরা আমাদের গানের পাশাপাশি কালজয়ী সব বাংলা গানও করার চেষ্টা করেছি।’
‘দ্য ব্রাদারহুড প্রজেক্ট ‘ অ্যালবামে গান রয়েছে মোট সাতটি। তিনটি শচীন দেব বর্মণের, একটি লালন সাঁইজির, একটি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর ও দুটি মৌলিক। গানগুলো হলো, তুমি এসেছিলে পরশু, তুমি আর নেই সে তুমি, শোনো গো দক্ষিণ হাওয়া, ভালো আছি ভালো থেকো, সময় গেলে সাধন হবে না, আজ এবং তোমাকে আসতেই হবে। অ্যালবামের জন্য গান লিখছেন ও সুর করছেন পারভেজ ও জয়। আর অ্যালবামটির বাজারজাত ও পরিবেশনা করেছে ডেডলাইন মিউজিক এবং সহযোগিতায় ছিল সনিক মিডিয়া।
এতো গেল অ্যালবামের কথা। এবার জানতে চাইলাম অন্য প্রসঙ্গে। আপনারা তো দুই জন দুই ঘরনার গান করেন। তাহলে এ প্রজেক্টের ভাবনা একসাথে আসল কিভাবে?
পারভেজ জবাবে বললেন, `আমরা দুজন দুই ঘরানার শিল্পী। তবে আমাদের বোঝাপড়াটা ভালো। তাই আশা করি আমাদের দি ব্রাদারহুড প্রজেক্টের মাধ্যমে ভালো কিছু করতে পারব। আর ইতমধ্যে আমরা গানগুলোর ভালো সাড়া পাচ্ছি।
সবশেষে বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলাম। জয় বললেন, নতুন খবর হলো অল্প কিছুদিনের মধ্যেই বাজারে আসবে আমার গাওয়া ‘তোমাকে আসতেই হবে` শিরোনামের একটি মৌলিক গানের মিউজিক ভিডিও। আর এরপর আসবে পারভেজের মৌলিক গানটির মিউজিক ভিডিও। এছাড়া স্টেজের পাশাপাশি টিভি লাইভ শোও রয়েছে। আর এখন আমাদের দেশের মানুষরা ছাড়াও বাইরের দেশের মানুষও আমাদের গান শুনছেন, এটা আমাদের জন্য সত্যিই সুখের খবর।’
বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন