চট্টগ্রাম: গভীর সমুদ্রে মৎস্য আহরণরত শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, চুক্তি অনুযায়ী শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড চালুসহ ১৬ দফা দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির মুখপাত্র নুরুল আবছার বাংলানিউজকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এতে বলা হয়, সরকার মালিকদের দাবিনামা প্রদানের পরও শ্রম বিরোধ সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই নৌযান শ্রমিকরা বাধ্য হয়ে ৮ জুলাই রোববার মধ্য রাত থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা করেছে। ১৬ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এ বিরতি পালন করবে।
তাদের উল্লেখযোগ্য দাবি হচ্ছে, ২০০৭ সালের ঘোষিত নিয়মানুযায়ী বকেয়া পাওনা প্রদান, ফিসিং ট্রলার শ্রমিকদের জন্য নতুন বেতনকাঠামো ইত্যাদি।
কর্মবিরতিতে লাইটারেজ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনে এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর